ঢাকা সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বিয়ে বাড়িতে চাঁদা দাবির ঘটনায় মামলা

বিয়ে বাড়িতে চাঁদা দাবির ঘটনায় মামলা

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি নমোপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বিয়ের অনুষ্ঠানে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলার ঘটনায় ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী বাবু লাল বিশ্বাস অভিযোগে উল্লেখ করেন, তার তিন ছেলে প্রবাসে থাকেন। ছেলের বিয়েকে কেন্দ্র করে গত ২৪ ফেব্রুয়ারি গায়ে হলুদের অনুষ্ঠানে এলাকার কিশোর গ্যাংখ্যাত আসামিরা এসে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে পরে ৩০ হাজার টাকা দাবি করে এবং ভয় দেখালে তার ছেলে বিশ্বনাথ বিশ্বাস ৩ হাজার টাকা দেয়।

অভিযোগে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি বিয়ের চলনে যাওয়ার সময় আসামিরা বাধা সৃষ্টি করে। এলাকাবাসীর সহায়তায় তারা সেদিন রক্ষা পান। পরদিন ২৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে বাড়িতে ক্যারাম খেলার সময় আসামিরা সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায়। এতে ত্রিনাথ বিশ্বাসের মাথায় লাঠির আঘাতে রক্তাক্ত জখম হয় এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। একইভাবে শম্ভুনাথ বিশ্বাসের গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। এছাড়া হামলাকারীরা অতিথিদের মারধর, ঘরের টিনের বেড়া ভাঙচুর এবং সংখ্যালঘু বলে প্রাণনাশের হুমকি দিয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। সামাজিকভাবে মীমাংসার চেষ্টা ও চিকিৎসাজনিত কারণে অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছে বলে বাদী জানান। মামলার আসামিরা হলেন আরমান, আবির বকাউল, জিলান, শুভ, নিহাদ, মোহন, আলিফ, নিরব ফকির, মিনহাজ ফকির, সোহান, রিয়াদ মোল্লা, সাইফসহ আরও কয়েকজন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত