
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার মাতা হুরুন নাহারের (৮৩) দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বাদ আছর মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড মুন্নু মেডিকেল কলেজ মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন। জানাজায় উপস্থিত ছিলেন- দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্তসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল- এ চিকিৎসাধীন অবস্থায় হুরুন নাহার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে মরহুমার স্বামী, সাবেক মন্ত্রী প্রয়াত হারুনার রশিদ খান মুন্নুর কবরের পাশে তাকে দাফন করা হয়। এ সময় আত্মীয়-স্বজন ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেন। মন্ত্রী আফরোজা খানম রিতা ও তার পরিবারের প্রতি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়েছে।