
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে একটি বিশালাকার অজগর অবমুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার রাত ১২টার দিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের উদ্ধারকারী দল যৌথভাবে সাপটিকে বনের গহীন অরণ্যে ছেড়ে দেয়। উদ্ধার হওয়া সাপটি ১৪ ফুট লম্বা এবং এর ওজন প্রায় ৪০ কেজি।
বন বিভাগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কমলগঞ্জ সদর ইউনিয়নের হীড বাংলাদেশ কার্যালয় সংলগ্ন এলাকার একজনের বাড়িতে সাপটি ঢুকে পড়ে। স্থানীয় বাসিন্দা মিজান মিয়া জানান, সাপটি তার বাড়িতে ঢুকে মুরগি খাওয়ার চেষ্টা করছিল। তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেন। পরে উদ্ধারকারীরা এসে সাপটিকে ধরে লাউয়াছড়া বনে নিয়ে যায়। খাবারের সন্ধানে বিশালাকৃতির একটি অজগর সাপ লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বের হয়ে লোকালয়ে চলে আসে। এ নিয়ে উপস্থিত এলাকাবাসীদের মধ্যে সৃষ্টি হয় চাঞ্চল্যের। পরে বন্যপ্রাণী উদ্ধারকারীরা এসে সাপটিকে উদ্ধার করতে সক্ষম হয়। গতকাল বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন বন্যপ্রাণী উদ্ধারকারী ও ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চঞ্চল গোয়ালা। তিনি বলেন, গত মঙ্গলবার রাতেই সাপটিকে বন বিভাগের সহযোগিতায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করি।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের মাঠ সহকারী চঞ্চল গোয়ালা আরও জানান, সাপটি বেশ বড় ও সম্পূর্ণ সুস্থ ছিল। বন বিভাগকে অবহিতকরণ এবং বন বিভাগের উপস্থিতিতে গভীর রাতেই বিপন্ন প্রজাতির এই অজগর সাপটিকে উদ্যানের নিরাপদ ও গভীর এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজারস্থ রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হক বলেন, সাপটি সুস্থ থাকায় প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।