ঢাকা শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

চবির প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী

চবির প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উৎসব-২০২৬ উদযাপিত হয়েছে। ‘স্মৃতির পাতায় প্রাণের স্পন্দন, পঁচিশের গৌরবে বায়োকেমিস্টদের মেলবন্ধন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার জীববিজ্ঞান অনুষদের প্রাঙ্গনে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম ও সিনিয়র সহকারী সচিব মুনতাসির জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সভাপতি, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও রজত জয়ন্তী উৎসব-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কাঞ্চন চাকমা।

উৎসবের সূচনা হয় বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে। বেলুন উড়িয়ে রজতজয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয় এবং ২৫ বছরের পূর্তিতে ২৫ পাউন্ড ওজনের কেক কাটা হয়। পরে বিভাগের শিক্ষা ও গবেষণায় ২৫ বছরের সাফল্য নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আল-ফোরকান। তিনি বলেন, অ্যালামনাইরা একটি বিভাগের সবচেয়ে বড় শক্তি। বিশ্ববিদ্যালয় ও বিভাগের শিক্ষা, গবেষণা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রাক্তন শিক্ষার্থীদের আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর অ্যালামনাইদের ভূমিকার কথা তুলে ধরে বলেন, দেশের উচ্চশিক্ষা ও গবেষণার উন্নয়নে আমাদের অ্যালামনাইদেরও এগিয়ে আসতে হবে।

রজত জয়ন্তী উৎসব-২০২৬ উদযাপন কমিটির সদস্য সচিব আবু ছৈয়দ মোহাম্মাদ মুজিব বলেন, কোভিড-১৯ মহামারি ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অ্যালামনাইরা মানবিক সহায়তায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। একই সঙ্গে তিনি উপাচার্যকে অনুরোধ করে জানান উচ্চশিক্ষা বিশেষ করে এমফিল ও পিএইচডি ভর্তি প্রক্রিয়া আরও গতিশীল করা এবং প্রাক্তন শিক্ষার্থীদের একাডেমিক সেবা অনলাইনে সহজ করার জন্য। সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. কাঞ্চন চাকমা আশাবাদ ব্যাক্ত করে বলেন, ভবিষ্যতে অ্যালামনাই ও বিভাগের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং যৌথভাবে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণায় বিভাগকে এগিয়ে নেওয়া সম্ভব হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. দ্বৈপায়ন সিকদার। আরও বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম কিবরিয়া, অধ্যাপক ড. চৌধুরি মোহাম্মদ মনিরুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদ আহসান, অধ্যাপক ড. মু গোলাম কবির, অধ্যাপক ড. মোহাম্মদ নুরল আনোয়ার, অধ্যাপক ড. মো সাইদুল ইসলাম সোহেল, অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত