
ভরা ইরি-বোরো মৌসুমে বগুড়ার আদমদীঘিতে রাতের বেলা গভীর নলকূপের দুই ড্রেনম্যানকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে রেখে জিম্মি করে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ডাকাতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির কয়াকুঞ্চি গ্রামে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ বিষয়ে আদমদীঘি থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই গভীর নলকূপের ম্যানেজার আব্দুস ছালাম। এ ঘটনায় ওই এলাকার ইরি-বোরো মাঠে থাকা স্কিমের জমিতে গভীর নলকূপের পানি সেচ অনিশ্চিত হয়ে পড়েছে।
জানা যায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির কয়াকুঞ্চি গ্রামে স্ক্রীমে ১৯৭৮ সালে কয়াগাড়ী কৃষক সমবায় সমিতি পরিচালিত একটি গভীর নলকূপ স্থাপন করেন গ্রামবাসী। ওই গভীর নলকূপের আওতায় প্রায় ৩১০ বিঘা কৃষি জমিতে পানি সেচ ব্যবস্থা পরিচালনা করে কৃষকরা ইরি-বোরো আবাদসহ বিভিন্ন আবাদ চাষ করে আসছিলেন তারা। গভীর নলকূপের আওতায় জমিতে সেচ ব্যবস্থা নিশ্চিত করতে রক্ষণাবেক্ষণে ড্রেনম্যান ও পাহারার দায়িত্বে ছিলেন. কয়াকুঞ্চি গ্রামে জামাল হোসেন ও একাব্বর হোসেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ ওই গভীর নলকূপের ঘরে হানা দেয়। এ সময় ড্রেনম্যান ও পাহারার দায়িত্বে থাকা জামাল হোসেন ও একাব্বর হোসেনকে অস্ত্রের ভয় দেখিয়ে দড়ি দিয়ে তাদের হাত-পা বেঁধে প্রাণনাশের হুমকি দিয়ে জিম্মি করে। নির্ভয়ে কয়েক ঘণ্টা ধরে নলকূপে স্থাপিত তিনটি ট্রান্সফরমার খুলে তার যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় দুবৃত্তরা। ভুক্তভোগী ড্রেনম্যান, জামাল ও একাব্বর জানান, চোরেরা ছিল অত্যন্ত সংগঠিত ও পরিকল্পিত। ভোর রাতে জিম্মি অবস্থায় থাকা জামাল হোসেন ও একাব্বর হোসেন কৌশলে তাদের বাঁধা হাত-পায়ের বাঁধন খুলে চিৎকার দিলে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইরি স্ক্রিমের ম্যানেজার কয়াকুঞ্চি গ্রামের আব্দুস ছালাম জানান, এই চক্রটি প্রতি বছর ইরি-বোরো মৌসুমে মোবাইল ফোনে চাঁদা দাবি ও গ্রহণ করে আসছিল। এবারও তাকে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু তিনি তাদের সেই চাঁদার টাকা দিতে অস্কীকৃতি জানালে এ ঘটনাটি ঘটায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, বিষয়টি জানার পর পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এই চক্রটিকে চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমান ভরা ইরি-?বোরো মৌসুমের গভীর নলকূপের ট্রান্সফরমার চুরির ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত ট্রান্সফরমারগুলো উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ও এলাকাবাসী।