
খুলনার রূপসায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিম্মি বেগম (৪৪) স্থানীয় বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে পারিবারিক বিরোধের জেরে নাদিম ইসলাম তার মা মিম্মি বেগমের ওপর চড়াও হন। এক পর্যায়ে পাশের গাছের ডাল দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সকাল পৌনে ৯টার দিকে আইচগাতি ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নাদিমকে আটক করে।
রূপসা থানার অন্তর্গত আইচগাতি ক্যাম্পের ইনচার্জ মো. উজ্জ্বল হোসেন জানান, অভিযুক্ত নাদিমকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।