ঢাকা শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে রাণীশংকৈলের যুবক নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে রাণীশংকৈলের যুবক নিহত

জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমানো ঠাকুরগাঁয়ের এক তরুণ সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে বিদেশে যাওয়া এই যুবকের এমন মর্মান্তিক মৃত্যু প্রবাস জীবনের নির্মম বাস্তবতাকেই সামনে এনে দিয়েছে।

নিহত সোহান ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের দুলাল মিয়ার ছেলে। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের অদূরে কেতলেহং এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাগরিবের সময় সোহান দোকানের মালিকের সঙ্গে একটি দোকানে কাজ করছিলেন। এ সময় হঠাৎ লোডশেডিং হলে দোকানের মালিক মোমবাতি আনতে পেছনের দিকে যান। ঠিক সেই মুহূর্তে আগে থেকেই ওত পেতে থাকা দুর্বৃত্তরা অতর্কিত গুলি চালায়। এতে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়। হামলাকারীরা পরে দ্রুত পালিয়ে যায়। জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উন্নত জীবনের আশায় দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান সোহান। কিন্তু বিদেশের মাটিতে মাত্র এক মাসের ব্যবধানে প্রাণ হারাতে হলো তাকে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার দ্রুত তার লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী জানান, বিষয়টি তার জানা ছিল না, তবে আমার আওতাধীন যতটুকু সহযোগিতা সম্ভব করবো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত