
কক্সবজার শহরে এনজিওর কিস্তি নিয়ে বাগবিতণ্ডার জেরে হামলায় আহত যুবকের মৃত্যুর ঘটনা জানাজানির ২ ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সদর মডেল থানার উপ-পরিদর্শক নূর মোহাম্মদ ও সাগর দে এর নেতৃত্বে সদরের ঝিলংজার দক্ষিণ মুহুরী পাড়ার পাতাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে মূল আসামী রবিউল হোসাইন প্রকাশ রবিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ঘটনায় ব্যবহৃত আলামত একটি কাঠের বাটাম উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার রবিউল ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরীপাড়ার বাসিন্দা। নিহতের নাম মোহাম্মদ আজিম। তিনি কক্সবাজার পৌরসভার বৈদ্যঘোনা এলাকার আবদুর রহমানের ছেলে। কক্সবাজার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২ এপ্রিল দুপুরে কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকায় আসামির বসত ঘরের সামনে এনজিওর কিস্তির টাকার বিষয় নিয়ে ভিকটিমের সঙ্গে বাকবিতন্ডার এক পর্যায়ে আসামি একটি কাঠের বাটাম নিয়ে আজিমকে মাথা আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় আজিমের মৃত্যু হয়। গতকাল দুপুরে নিহতের ভাই মোহাম্মদ আবদুল্লাহ থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করেছে ওসি ছমিউদ্দিন বলেন, পুলিশ সংবাদপ্রাপ্তির দুই ঘন্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।