
কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক বা পায়ের গোড়ালি উড়ে গেছে। একইসঙ্গে গুরুতর জখম হয়েছে ডান পায়ে হাঁটুর নিচের অংশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত সাদেক উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০, ব্লক-এফ ১৩-এর বাসিন্দা। তার বাবার নাম বশির আহমেদ এবং মায়ের নাম সারা খাতুন। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বিআরএমণ্ড২১ থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে, মাস্টার কাঠি পোস্ট থেকে প্রায় ২৫০ মিটার উত্তরে এবং শূন্যরেখা থেকে আনুমানিক ১৫০ মিটার মিয়ানমারের ভেতরে ‘নারিকেল বাগান’ নামে পরিচিত স্থানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিজিবি জানায়, হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনার পর সদস্যরা ঘটনাস্থলের কাছাকাছি গিয়ে তারা দেখতে পান, গুরুতর আহত অবস্থায় সাদেককে তার সহকর্মীরা শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের দিকে নিয়ে আসছেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।