ঢাকা রোববার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সিংড়ায় হজ গমনেচ্ছুদের সমাবেশ

সিংড়ায় হজ গমনেচ্ছুদের সমাবেশ

নাটোরের সিংড়ায় আসন্ন পবিত্র হজ পালন উপলক্ষে হজে গমনেচ্ছুদের সঙ্গে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে সিংড়া উপজেলা মডেল মসজিদে সিংড়া আরাফাতি হাজী কল্যাণ পরিষদের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম। তিনি হজযাত্রীদের উদ্দেশে হজের ফজিলত ও করণীয় সম্পর্কে আলোচনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানান।

সিংড়া আরাফাতি হাজী কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা আলী আকবর এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মহসিন আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংসদ সদস্যের সহধর্মিণী সাহাবিবুল আছমা মিনু, পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাখাওয়াত হোসেন শাখা, উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, পৌর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, সিংড়া আরাফাতি হাজী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাতসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, এ বছর সিংড়া উপজেলা থেকে মোট ২২৫ জন ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাবেন। মতবিনিময় সভা শেষে হজযাত্রীদের শুভেচ্ছা উপহার দেওয়া হয় এবং সফরের নিরাপত্তা ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত