
নরসিংদীর বেলাবোতে মাদ্রাসা থেকে বের হওয়ার পর গত ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছে মো.আরিফ (১৫) নামের এক মাদ্রাসা ছাত্র। দীর্ঘ এই সময়েও তার কোনো সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার। নিখোঁজ আরিফ নরসিংদীর বেলাবো উপজেলার আমলাবো ইউনিয়নের পাহাড় উজিলাব গ্রামের মো. শহিদ মিয়ার ছেলে। সে নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া রহমানিয়া আমানিয়া দারুল উলুম মাদ্রাসার ছাত্র। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর মাদ্রাসা থেকে বের হয় আরিফ। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলাতে পারেনি পরিবার।
নিখোঁজ আরিফ মিয়ার বাবা শহিদ মিয়া বলেন, ৮ অক্টোবর বৃহস্পতিবার মাদ্রাসা ছুটি হলে বাড়িতে আসার কথা থাকলেও বাড়িতে আসেনি। পরবর্তীতে আত্মীয় স্বজন, সহপাঠী এবং মাদ্রাসায় খোজ খবর নিয়ে, না পেয়ে বেলাবো থানায় সাধারণ ডায়েরি করি। বেলাবো থানা অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ বলেন, নিখোঁজ আরিফ মিয়ার হাতে কোনো মোবাইল না থাকায় প্রযুক্তি ব্যবহার করা যাচ্ছে না। তাকে খুঁজতে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।