
ভোলার লালমোহনে ‘স্বপ্ন’ সুপারশপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শনিবার রাত ১১টার দিকে লালমোহন হাই স্কুল সড়কের স্বপ্ন সুপারশপ-এফ ৭৩০নং আউটলেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে স্বপ্নের স্থানীয় ডিলারের প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে স্বপ্নের ডিলার মো. রাশেদ মাহমুদ জুয়েল জানান। খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের একটি ইউনিট পোনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, স্বপ্ন সুপুারশপের স্টাফরা রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। কিছুক্ষণ পর ১১টার দিকে ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন রাস্তায় থাকা লোকজন। পরে ডাক চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে এসে ফায়ার সার্ভিস ইউনিটকে খবর দেয়।
লালমোহন ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত লিডার আশরাফুল আলম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আমরা ক্ষয়ক্ষতির প্রাথমিক বিবরণ নিরূপণ করেছি।