
নাটোরের সিংড়ায় জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে অবৈধভাবে দখল হয়ে থাকা প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি খাল। গত শনিবার দিবাগত রাতে উপজেলার ইটালি ইউনিয়নে ঝটিকা অভিযান চালিয়ে এই খালটি অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইটালি ইউনিয়নের সাতপুকুরিয়া থেকে ইন্দ্রাশন পর্যন্ত খালের একটি অংশ দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী অসাধু চক্রের দখলে ছিল। তারা খালের বিভিন্ন পয়েন্টে বাঁশের বেড়া দিয়ে কৃত্রিম প্রতিবন্ধকতা তৈরি করে মাছ চাষ করে আসছিল। ফলে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় কৃষকরা জমিতে সেচ দিতে পারছিলেন না এবং সাধারণ মৎস্যজীবীদের প্রবেশাধিকারও ছিল না। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সিংড়া উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানে খালের সব অবৈধ বাঁশের বাঁধ অপসারণ করা হয়। অভিযানে ইউএনওর সঙ্গে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত বলেন, কিছু অসাধু ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে মাছ শিকারের উদ্দেশে জনগুরুত্বপূর্ণ এই খালটি দখল করে রেখেছিল। আমরা সব প্রতিবন্ধকতা উচ্ছেদ করে খালটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছি। এখন থেকে প্রকৃত মৎস্যজীবী এবং কৃষকরা কোনো বাধা ছাড়াই এখান থেকে পানি ও মাছ আহরণ করতে পারবেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন জানান, এই অভিযানের ফলে উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছের বংশবিস্তার যেমন নিশ্চিত হবে, তেমনি প্রকৃত মৎস্যজীবীদের অধিকারও সংরক্ষিত হবে।