
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা এলাকায় পরিবেশ দূষণের দায়ে দুইটি ডাইং কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তর ও র্যাবের সার্বিক সহযোগিতায় অভিযান পরিচালনা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূর। অভিযানকালে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ লঙ্ঘনের দায়ে জসীমউদ্দীন নিট অ্যান্ড ডাইং কোম্পানিকে ১ লাখ টাকা এবং এস আর নিট ডাইংকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর জানান, ইটিপি ছাড়াই তরল বর্জ্য নিষ্কাশন এবং বায়ুদূষণ সৃষ্টির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে পরিবেশগত ছাড়পত্র নবায়ন ও ইটিপি স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, শিল্প কারখানার কারণে নদী ও বায়ু দূষণ রোধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ আইন অমান্যকারী কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না।