
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়েছেন। গতকাল রোববার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন তিনি। অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান সূত্রে জানা গেছে, রোববার দুপুরে জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড বাজার ও রেলস্টেশন বাজার এলাকায় বেকারি, হোটেল, ওষুধ, সার ও বীজের দোকানে তদারকি করা হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি সামগ্রী তৈরি ও সংরক্ষণ করায় যমুনা ফুড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির স্বত্বাধিকারী মো. আব্দুল কাদেরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সার বিক্রি, ভাউচার সংরক্ষণ না করায় ৪৫ ধারায় মেসার্স রানা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীর আলমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, এ সময় সংশ্লিষ্ট বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ওষুধ/বীজ/শিশু খাদ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন, চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, ও চুয়াডাঙ্গা জেলা আনসার ব্যাটিলিয়নের একটি টিম।