
চট্টগ্রামের হাটহাজারীতে ১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গণি ওরফে মনাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার বিকাল ৩টার দিকে উপজেলা চিকনদন্ডী ইউনিয়নের একটি ৫তলা ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার হাটহাজারী মডেল থানা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), তিনটি একনলা শর্টগান, ১১ রাউন্ড পিস্তলের তাজা গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, চাপাতি ও সুইচ গিয়ার চাকু, নগদ ৫১ হাজার টাকা ও বিভিন্ন মডেলের একাধিক মোবাইল ফোনসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী মনা অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকা, বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে নেতৃত্ব প্রদান এবং অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রির সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। পরে দেওয়া তথ্য মতে পলাতক আরও দুই আসামি হৃদয় (৩০) ও রাজুর (৩২) সংশ্লিষ্টতার বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।