ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বৃষ্টি ও বন্যার শঙ্কায় ব্যাহত ধান মাড়াই

বৃষ্টি ও বন্যার শঙ্কায় ব্যাহত ধান মাড়াই

মৌলভীবাজারে টানা দুদিনের বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে বোরো ধান কাটা ও মাড়াই কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বৃষ্টি অব্যাহত থাকলে জেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও আগাম বন্যার আশঙ্কা দেখা দিয়েছে, যা ধান কাটার আগেই ফসল নষ্ট হওয়ার ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। বোরো ধান চাষিরা জানান, বৈশাখের শুরু থেকে জেলার হাকালুকি, কাউয়াদিঘী, হাইল হাওরসহ বিভিন্ন হাওর থেকে বোরো ধান ঘরে তুলছেন কৃষকেরা। তবে গত দুদিন বৈরী আবহাওয়ার কারণে ধান কাটা ও মাড়াই ব্যাহত হচ্ছে। কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বৃষ্টি হচ্ছে। এতে ধান যারা কাটা শেষ করেছেন তারা মাড়াই ও রোদে শুকাতে পারছেন না। আবার বৃষ্টির জন্য মাঠে থাকা পাকা ধান কাটতেও পারছেন না।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ৬২ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। এরইমধ্যে হাওর এলাকায় প্রায় ৭৭ শতাংশ ধান কাটা হয়েছে। আবহাওয়া অনুকূলে না থাকায় কিছুটা সমস্যা হচ্ছে কৃষকদের। কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের কৃষক রইছ মিয়া বলেন, ৫০ শতক জায়গায় বোরো ধান চাষ করেছি। এতে প্রায় ১৬-১৭ হাজার টাকা খরচ হয়েছে। ধান তেমন ভালো হয়নি। ৩ জন শ্রমিক দিয়ে ধান কাটাচ্ছি। আবহাওয়া খারাপ থাকায় পানির মধ্যে ধান কাটতে হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত