
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে জেলা প্রশাসকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন- সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি আইনশৃঙ্খলা রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনসেবার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, ওসি রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, জেলা বিএনপির সদস্য মাসুদুল হক মাসুদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরে সরকারি কর্মকর্তারা স্থানীয় সমস্যা ও সম্ভাবনার বিষয়ে মতামত প্রদান করেন।
এ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিরা এলাকার উন্নয়ন, অবকাঠামো ও জনসেবা মূলক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক উপস্থিত সবার বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়গওলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।