ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

মা-মেয়েসহ তিনজনকে হত্যার ঘটনায় পুলিশের প্রেস ব্রিফিং

মা-মেয়েসহ তিনজনকে হত্যার ঘটনায় পুলিশের প্রেস ব্রিফিং

ফরিদপুর সদর উপজেলায় সংঘটিত চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার ঘটনায় উঠে এসেছে নতুন তথ্য। দীর্ঘদিনের মানসিক সমস্যার পাশাপাশি পরিবার থেকে বিয়ে না দেওয়ার ক্ষোভ এই দুইয়ের প্রভাবেই মা-মেয়ে ও এক প্রতিবেশীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আকাশ মোল্লা (২৮) স্বীকার করে, সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল এবং নিয়মিত ওষুধ সেবন করত। তার মধ্যে বিভ্রম তৈরি হয়েছিল। সে মনে করত কেউ তাকে হত্যা করতে চায়। পাশাপাশি, পরিবার থেকে বিয়ে না দেওয়ায় তার মধ্যে তীব্র ক্ষোভ জমে ওঠে। এই মানসিক অস্থিরতা ও দমিত ক্ষোভ থেকেই সে এমন ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনাটি ঘটে গত সোমবার রাত আনুমানিক সাড়ে ৭টা থেকে ৯টার মধ্যে ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালী থানাধীন আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে। নিহতরা হলেন- আমেনা বেগম (৭৫), তার মেয়ে রাহেলা বেগম (৫০) এবং প্রতিবেশী রিকশাচালক কাবুল হোসেন (৪৫)। আমেনা বেগম ছিলেন অভিযুক্ত আকাশ মোল্লার দাদি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আকাশ মোল্লা কোদাল নিয়ে ঘরের ভেতরে থাকা তার দাদি ও ফুপুকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে কাবুল হোসেন ও রিয়াজুল মোল্লা ঘরে প্রবেশ করেন। এ সময় আকাশ তাদের ওপরও হামলা চালায়। এতে ঘটনাস্থলেই কাবুল হোসেন নিহত হন। গুরুতর আহত হন রিয়াজুল মোল্লা ও আর্জিনা বেগম। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত