
বাগেরহাটে এক ঘণ্টার বৃষ্টিতে শহর জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বাগেরহাট শহরের কাজী নজরুল ইসলাম সড়কের অন্তত অর্ধশতাধিক দোকানের ভিতরে পানি ঢুকে পড়েছে। বুধবার বেলা ১১টা থেকে টানা এক ঘন্টার বৃষ্টিতে কোথাও কোথাও সড়কের উপর এক থেকে ২ ফুট পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
একই অবস্থা শহরের রাহাতের মোড়, পুরাতনকোর্ট মসজিদ সড়ক, জেলা প্রশাসকের বাংলো সড়ক, কাজী নজরুল ইসলাম সড়ক, মাছ বাজার, ফলপট্টি, লিচুতলা সড়ক, মিঠাপুকুপুরের উত্তরপাড়সহ বিভিন্ন সড়ক এক থেকে দেড়ফুট পানির নিচে তলিয়ে গেছে। খোদ বাগেরহাট পৌরসভার সামনের সড়ক, পৌরসভা অভ্যন্তরেও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে শহরের বেশিরভাগ নিম্ন এলাকায়। এতে স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর জলমগ্ন হওয়ার পাশাপাশি, ব্যবসা প্রতিষ্ঠানেও পানি জমেছে। ফলে স্থানীয়রা যেমন বিড়ম্বনায় পড়ছেন, তেমনি ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্থ হচ্ছেন। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও বিদ্যমান ড্রেন পরিস্কার না করায় এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ ব্যবসায়ী ও স্থানীয়দের। তবে জলাবদ্ধতার বিষয়ে কোনো কথা বলতে চায় না পৌর কর্তৃপক্ষ। পৌর প্রশাসকের দায়িত্বে থাকা বাগেরহাটের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. মো. ফকরুল হাসান বলেন, বৃষ্টি হলেই পৌরসভা ডুবে যায়। আবার একটা নিদিৃষ্ট সময়ে পানি সরে যায় ।