
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মোতালেব হোসেন (৫৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর তার সঙ্গে থাকা নগদ টাকা ও মুঠোফোন অক্ষত অবস্থায় পাওয়ায় ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।
গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি বামনাখালী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোতালেব হোসেন ওই এলাকার বাসিন্দা মৃত সাইফুল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের আগে বাড়ি থেকে নিজের ধানখেত দেখতে বের হন মোতালেব হোসেন। প্রতিদিনের মতো জমি দেখতে যাওয়ার পর রাত হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্থানীয়দের মাধ্যমে তার মৃত্যুর খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ রাত ৮টা ২৪ মিনিটে ফোন করে। ত্রিশাল থানা পুলিশ কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ধানক্ষেতে রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের ছেলে আলী হোসেন জানান, তার বাবা নিয়মিত জমি দেখতে যেতেন এবং কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল বলে তারা জানেন না। হত্যার পর লাশের পাশে মোবাইল ফোন এবং কোমরে বাঁধা কাপড়ের থলেতে থাকা ৩৮ হাজার ৬৪৫ টাকা অক্ষত অবস্থায় পাওয়া গেছে, যা হত্যার উদ্দেশ্য নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের ঘাড়, মাথা ও হাতের আঙুলে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বপরিকল্পিতভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে লুটপাট না হওয়ায় ঘটনাটির পেছনে ব্যক্তিগত বিরোধ, জমিজমা সংক্রান্ত দ্বন্দ্ব বা পূর্ব শত্রুতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ত্রিশাল থানা পুলিশ ও ডিবি পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সন্দেহভাজনদের নজরদারিতে রাখা হয়েছে।