
তথ্যপ্রযুক্তির প্রভাবে ঐতিহ্যগত সংস্কৃতি হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি শিক্ষার্থীদের শিল্পচর্চার মাধ্যমে বাংলার হাজার বছরের সংস্কৃতি ধারণ ও সংরক্ষণের আহ্বান জানিয়েছেন। গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ভবনে আয়োজিত ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, তোমাদের কাজের মাধ্যমে বাংলার সংস্কৃতি ধরে রাখতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম এখান থেকে মূল্যবান উপাদান পাবে। তিনি আরও বলেন, চারুকলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যে সৃজনশীলতা ও নান্দনিকতা গড়ে ওঠে, তা সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করার বিষয়টিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, এতে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়। পাশাপাশি প্রখ্যাত শিল্পীদের নামে পুরস্কারের নামকরণ তাদের অবদানকে স্মরণ করার একটি কার্যকর উপায়। উপাচার্য আশাবাদ ব্যক্ত করে বলেন, শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে শিল্পাচার্য জয়নুল আবেদীন, এসএম সুলতান কিংবা কামরুল হাসানের মতো গুণী শিল্পী তৈরি হবে, যারা দেশের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে দেবে। চারুকলা বিভাগের প্রধান প্রফেসর ড. তপন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদণ্ডসুখন)। স্বাগত বক্তব্য দেন সহযোগী অধ্যাপক মাসুম হাওলাদার। উল্লেখ্য, ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২৬’-এ ড্রইং অ্যান্ড পেইন্টিং, গ্রাফিক ডিজাইন ও প্রিন্টমেকিং- এই তিনটি শাখায় মোট ১৬ জন শিক্ষার্থীকে তাদের শিল্পকর্মের জন্য পুরস্কৃত করা হয়। পাশাপাশি বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে।