
ফেনীর সোনাগাজী পৌরসভা ও উপজেলার কয়েকটি ইউনিয়নের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম হলো স্থানীয় ডাঙ্গী খাল। কিন্তু সেই গুরুত্বপূর্ণ খালটিকে এখন ময়লার ভাগাড়ে পরিণত করছে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা। এতে করে আশপাশের পরিবেশ দূষিত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পৌরসভার চরগনেশ এলাকার বাসিন্দা করিমুল হক জানান, বিভিন্ন সময় পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা সোনাগাজী সরকারি কলেজের দক্ষিণ পাশ সংলগ্ন পৌর ৭নং ওয়ার্ডের বাসা-বাড়ির ময়লা গাড়িতে না উঠিয়ে বেলচা দিয়ে সেগুলোকে ডাঙ্গী খালে ফেলে দিতে দেখা গেছে। এতে করে দিনেদিনে পলিথিন ও বিভিন্ন প্রকারের ময়লা- আবর্জনার স্তুপ জমে খালের তলদেশ ভরাট এবং খালের স্বাভাবিক পানি প্রবাহ বিঘ্নিত হয়ে বিষাক্ত পানির দুর্গন্ধের কারণে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা একরামুল হক জানান, খালটিতে ময়লা আবর্জনা ফেলার কারণে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে এবং শরীরের নানা রোগের পাদুর্ভাব দেখা যায়। বিষয়টি মনে হয় যেন এটার দেখার কেউ নেই। এলাকাবাসীর দাবি পরিবেশ সুরক্ষায় খালটি পরিষ্কার করে পানি প্রবাহ চলমান রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে সোনাগাজী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা জানান, পৌরসভার ময়লা ফেলার নিজস্ব কোনো জায়গা না থাকায় এটি হচ্ছে। একটা জায়গা কেনার জন্য চেষ্টা করা হচ্ছে। এছাড়া খালে ফেলা ময়লাগুলো পরিষ্কার করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।