
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে কলাবাগান নামক এলাকায় গতকাল মঙ্গলবার ভোরের দিকে সেখানে নৌকা নিয়ে পদ্মায় জাল ফেলে মাছ শিকার করছিলেন স্থানীয় জেলে মোহাম্মদ আলী মোল্লা ও তার সঙ্গীরা। এসময় তাদের জালে ধরা পড়ে বিশাল অকারের একটি পাঙ্গাশ ও একটি বাঘাইড় মাছ। পরে বিক্রি করতে মাছদুটি নেওয়া হয় দৌলতদিয়া ঘাট এলাকায় রেজাউল হকের আড়তে। সেখানে ওজন মেপে দেখা যায়, পাঙ্গাশটি ১৯ কেজি ও বাঘাইড়টির ওজন ২৩ কেজি। পরে নিলামে এক হাজার ৪০০ টাকা কেজি দরে পাঙ্গাশটি ও এক হাজার ৬০০ টাকা কেজি দরে বাঘাইড়টি স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান শেখের কাছে বিক্রি করেন জেলে মোহাম্মদ আলী।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বলেন, ‘পদ্মা নদীর বড় পাঙ্গাশ ও বাঘাইড় মাছের প্রচুর চাহিদা রয়েছে। তাই বেশী দামে বিক্রির আশায় জেলে মোহাম্মদ আলী মোল্লার কাছ থেকে ওই দুটি মাছ আমি কিনে নেই। পরে অনলাইনে যোগাযোগ করে ঢাকার ধামরাই থানার কালামপুর এলাকার আমেরিকাপ্রবাসী এক ব্যক্তির কাছে মোট ৬৭ হাজার ৬০০ টাকায় মাছদুটি আমি বিক্রি করেছি।