
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার চালা মহল্লায় একটি গভীর নলকূপের পানির সঙ্গে গ্যাসজাতীয় পদার্থ উঠছে। এ গ্যাসে আগুনের সংস্পর্শে জ্বলে উঠছে। এ দৃশ্য দেখার জন্য ঘটনস্থ’লে ভিড়ের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত মহল্লায় নিরাপদ খাবার পানি সরবরাহের জন্য পৌরসভা থেকে এ গভীর নলকূপ স্থাপন করা হয়। এ নলকূপ বৃহস্পতিবার সকালে প্রথম চালু করা হয় এবং পানি বের হওয়ার সঙ্গে শব্দ করছিল। এতে টেকনিশিয়ানরা গ্যাস সন্দেহে পানিতে আগুন দিলে সেখানে দাউ দাউ করে জ্বলে ওঠে এবং নলকূপ বন্ধ করে পুনরায় চালু করলে একই পরিস্থিতির সৃষ্টি হয় এবং ওই গ্যাসে আগুন দিলে কয়েক ফুট উচ্চতা পর্যন্ত আগুন জ্বলে ওঠে। পানি ও গ্যাস একসঙ্গে বের হওয়ায় এ পানি সরবরাহ তাৎক্ষনিক বন্ধ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান ইতিমধ্যেই ঘটনাস্থা পরিদর্শন করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, ওই গভীর নলকূপে পানি উত্তোলনের সময় এমন দৃশ্য প্রতিমান হয়েছে। এ বিষয়টি পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড ও ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এসএম তারিকুল ইসলামসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাময়িকভাবে ওই গভীর নলকূপের পানি উত্তোলন বন্ধ করা হয়েছে এবং জেলা প্রশাসককে এ বিষয়ে অবহিত করা হয়েছে। এদিকে জেলা প্রশাসন এ বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করেছেন। খুব শিগগিরই পিজিসিএল বিভাগের বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।