ঢাকা সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

নোয়াখালীতে গাছ লাগানোর বিকল্প নেই

নোয়াখালীতে গাছ লাগানোর বিকল্প নেই

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্যাহ বুলু বলেছেন, শহীদ জিয়ার বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় আগামী পাঁচ বছরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী ২৫ কোটি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের লক্ষ্য নেওয়া হয়েছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

গতকাল রোববার বেগমগঞ্জ উপজেলার হাসান হাট স্কুলে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের চৌমুহনী শাখার তত্ত্বাবধানে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে এক হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মো. বরকত উল্যাহ বুলু। হাসান হাট স্কুলের প্রধান শিক্ষক সাহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম হোসেন বাবুল।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য দেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করতে পরিকল্পিতভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগাতে হবে। বৃক্ষরোপণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি মানুষের জীবনযাত্রায় দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

তিনি বলেন, ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এ জাতীয় কর্মসূচিকে আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের চৌমুহনী শাখার ম্যানেজার এম এ হান্নান শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়ায় মনোযোগ দেওয়ার পাশাপাশি অভিভাবকদের সন্তানদের প্রতি যথাযথ তত্ত্বাবধানের আহ্বান জানান। একই সঙ্গে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বর্তমান প্রজন্মকে বৃক্ষরোপণে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এম এ হান্নান জানান, শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে দেশের বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণের পরিকল্পনা রয়েছে।

এর অংশ হিসেবে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক গাছের চারা বিতরণ ও রোপণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত