
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরলক্ষ্মী-বয়ারচর সড়কের মোহাম্মদপুর বাজার এলাকায় রহমতপুর খালের ওপর নির্মিত বক্স কালভার্টের সংযোগ সড়কটির দুই পাশ ধসে সরু হয়ে গেছে। এতে গত এক সপ্তাহ ধরে সড়কটি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। কয়েক দিনের অতিবৃষ্টি এবং পূর্ণিমার প্রভাবে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানি খাল দিয়ে প্রবাহিত হওয়ায় সড়কটি ধসে যায়। এতে উপজেলার চর গাজী ইউনিয়নের বয়ারচরসহ আশপাশের এলাকার মানুষ চলাচলে দুর্ভোগে পড়েছেন।
নোয়াখালীর হাতিয়াসহ উপজেলার বিভিন্ন এলাকার মানুষ প্রতিনিয়ত এই সড়ক দিয়ে ব্রিজঘাট মৎস্য অবতরণ কেন্দ্র, রুহুল আমিন মার্কেট, চাররাস্তা বাজার, মোহাম্মদপুর তেগাছিয়া বাজার, ফরেস্ট সেন্টার বাজার, টাংকির বাজার, ছোলায়মান বাজার, হাতিয়া বাজারসহ অন্যান্য বাজারে যাতায়াত করেন এবং মালবাহী ট্রাক, পিক-আপ, সিএসজিসহ যান চলাচল করত। এই কালভার্টের সংযোগ সড়কটি ধসে পড়ায় দুর্ভোগে পড়েছেন বয়ারচর এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এসব এলাকার চলাচলকারী অসুস্থ রোগী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট-সিডিএসপি প্রকল্পের আওতায় ২০০২ সালে
এলজিইডি প্রায় ৩ মিটারের এই ডাবল ব্যান্ডের বক্স কালভার্টটি নির্মাণ করে। মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানির স্রোত খাল দিয়ে প্রবাহিত হওয়ায় কালভার্টের এপ্রোচ সড়ক ভেঙে গেছে বলে উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার অত্যন্ত জনবহুল ও গুরুত্বপূর্ণ সড়কের রহমতপুর খালের উপর নির্মিত কালভার্টটির পূর্ব পাশের সংযোগ সড়কটি ৫-৮ মিটার দুই পাশে ধসে পড়েছে। স্থানীয়রা জানান, নোয়াখালীর হাতিয়া এবং লক্ষ্মীপুর জেলা-উপজেলা সদর থেকে বড়খেরী ও চরগাজী ইউনিয়নের বয়ারচরসহ আশপাশের এলাকায় যাতায়াতে অভ্যন্তরীণ সড়ক হিসেবে সড়কটি ব্যবহার করে আসছেন স্থানীয় বাসিন্দারা। এই সড়ক দিয়ে প্রতিদিন মোটরসাইকেল, সিএনজি, ট্রাকসহ ভারী ও হালকা বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। ডাবল ব্যান্ডের বক্স কালভার্টটি যখন নির্মাণ করা হয়-ঐ সময় খালটি ৬-৭ মিটার প্রশস্ত ছিল। গাবতলী সুইসগেটটি ভেঙে যাওয়ার কারণে গত বর্ষায় মেঘনা নদীর জোয়ারের পানির স্রোতে খালটির দুই পাশ ভেঙে ২০-২৫ মিটার প্রশস্ততা বেড়ে যায়। এতে করে এই খালে উপর ২৫-৩০ মিটার দৈর্ঘের একটি ব্রিজ নির্মাণ করার দাবি স্থানীয়দের।
উপজেলা প্রকৌশলী স্নেহাল রায় জানান, মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানির স্রোত খাল দিয়ে প্রবাহিত হওয়ায় কালভার্টের সংযোগ সড়ক ধসে পড়ে। ক্ষতিগ্রস্ত সড়কটি দিয়ে যোগাযোগ সচল রাখার জন্য জরুরিভাবে সংস্কার কাজ চলমান রয়েছে।