ঢাকা সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বেলাবোতে ব্রিজ ঝুঁকিপূর্ণ বাড়ছে দুর্ঘটনা

বেলাবোতে ব্রিজ ঝুঁকিপূর্ণ বাড়ছে দুর্ঘটনা

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাবো অংশের বারৈচা-খামারেরচর ব্রিজের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা| সেতুর উপরিভাগের পিচ ও কংক্রিট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ| ঝুঁকিপূর্ণ এই সেতুর কারণে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা| পাশাপাশি কোনো যানবাহন বিকল হয়ে পড়লে মহাসড়কজুড়ে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট| স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ এই সেতু দিয়ে প্রতিদিন শত শত দূরপাল্লার বাস, ট্রাকসহ হাজারো যানবাহন চলাচল করে| দীর্ঘদিন ধরে তদারকি ও স্থায়ী সংস্কারের অভাবে সেতুটির বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে| ভাঙা ও গর্তের কারণে যানবাহনগুলোকে অত্যন্ত সতর্কতার সঙ্গে ধীরগতিতে সেতু পার হতে হচ্ছে| সামান্য অসাবধানতায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার আশঙ্কাও থাকছে| স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারী চালকদের অভিযোগ, সেতুর খানাখন্দের কারণে কোনো গাড়ি বিকল হয়ে পড়লে পুরো মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়| এতে শত শত যাত্রীকে দীর্ঘ সময় তীব্র যানজটে আটকে থাকতে হয়| অসুস্থ রোগী ও জরুরি কাজে যাতায়াতকারীদের ভোগান্তি আরও বাড়ে| রাতের আঁধারে গর্তগুলো ঠিকমতো দেখা না যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়| ভ্যানচালক শফিকুল মিয়া জানান, বারৈচা-খামারেরচর ব্রিজে ভাঙার কারণে প্রতিনিয়ত যানজট লেগে থাকে| সবজি নিয়ে বাজারে যেতে প্রচুর সময় লাগে| এই জন্য ভাড়া মারতে পারি না| দ্রুত যাতে ব্রিজের কাজটি করে দেয়| ট্রাকচালক চন্দন মিয়া বলেন, আমরা ভারী মাল নিয়ে চলি| এই ব্রিজের খানাখন্দে চাকা পড়লে গাড়ি আর টেনে তোলা যায় না| মাঝেমধ্যে এক্সেল ভেঙে গাড়ি রাস্তার ওপরেই আটকে থাকে| তখন পেছনে জ্যাম লেগে যায়| এক ঘণ্টার পথ পার হতে চার-পাঁচ ঘণ্টা লেগে যাচ্ছে| বাসচালক সোহাগ মিয়া বলেন, ঢাকা-সিলেট রোডে বারৈচা অংশে গাড়ি চালানো এখন আতঙ্কের নাম| বারৈচা-খামারেরচর ব্রিজের কাছে আসলেই ভয় লাগে| ব্রিজের ওপর এমন বড় বড় গর্ত যে গাড়ি সাবধানে না চালালে স্প্রিংয়ের পাত ভেঙে যায় বা টায়ার ফেটে যায়| এই যানজটের প্রভাব পড়ছে স্থানীয় কৃষকদের ওপরও| হোসেন নগর গ্রামের কৃষক জুয়েল মিয়া বলেন, প্রায়ই সকালে খামারেরচর মোড়ে যানজট লেগে থাকে| আমরা সবজি নিয়ে সঠিক সময়ে বাজারে যাইতে পারি না| তাই আমরা সবজির সঠিক মূল্য পাচ্ছি না| ভৈরব হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী বলেন, দুই দিন আগেও একটি ট্রাক ফেঁসে গিয়েছিল এই ব্রিজে| আমি সহ আমার ফোর্স সারারাত চেষ্টা করে যান চলাচল স্বাভাবিক করি| পরদিন ব্রিজের কিছু খানাখন্দ সমান করা হয়, আমরা সেখানে ছিলাম| তবে ব্রিজটি ঝুঁকিপূর্ণ| তাই বিকল্প একটি ব্রিজ নির্মাণ করা জরুরি| স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ এই মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত সেতুটির স্থায়ী সংস্কার করতে হবে| একই সঙ্গে সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবিষ্যৎ দুর্ঘটনা ও যানজট এড়াতে বিকল্প সেতু নির্মাণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করার দাবি জানিয়েছেন তারা| এ বিষয়ে নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাই রাব্বি বলেন, বৃষ্টির জন্য বিটুমিনের কাজটা করতে পারিনি| প্রস্তুতি নেওয়া হয়েছে| অল্প কিছু দিনের মধ্যেই ওভারলে করে দেব| আমি দেখে এসেছি| শিগগিরই সমস্যার সমাধান হবে|

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত