
সময় বদলেছে, বদলেছে মানুষের জীবনযাত্রা| কিন্তু বদলায়নি একটি ঐতিহ্য| টাঙ্গাইলের ধনবাড়ীর ঐতিহাসিক নওয়াব শাহী জামে মসজিদে প্রায় ৯৮ বছর ধরে ২৪ ঘণ্টা পালাক্রমে চলছে পবিত্র কোরআন তেলাওয়াত|
শতবর্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা এই অনন্য ধারাবাহিকতা মসজিদটিকে শুধু একটি উপাসনালয় নয়, বরং ধর্মীয় ঐতিহ্য ও ইতিহাসের জীবন্ত স্মারকে পরিণত করেছে| প্রায় ৭০০ বছরের পুরোনো নওয়াব শাহী জামে মসজিদটি ধনবাড়ীর অন্যতম ঐতিহাসিক স্থাপনা| পাঁচ ওয়াক্ত নামাজের সময় বাদে দিনের বিভিন্ন সময়ে হাফেজরা পালাক্রমে কোরআন তেলাওয়াত করেন| ফলে মসজিদের আঙিনা ও আশপাশের পরিবেশে দীর্ঘ সময় ধরে প্রতিধ্বনিত হয় পবিত্র কোরআনের বাণী| মসজিদটির স্থাপত্যেও রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য| ছোট-বড় গম্বুজ, মিনার, কারুকার্যময় দরজা-জানালা ও নান্দনিক নকশা প্রাচীন স্থাপত্যশৈলীর সাক্ষ্য বহন করছে| সময়ের প্রয়োজনে সংস্কার হলেও মসজিদের ঐতিহাসিক আবহ ও ঐতিহ্যের মূল কাঠামো এখনও দর্শনার্থীদের মুগ্ধ করে| মসজিদ-সংশ্লিষ্টদের তথ্যমতে, প্রায় ১৯২৯ সাল থেকে এখানে নিয়মিতভাবে এই ২৪ ঘণ্টার কোরআন তেলাওয়াতের ধারা চলে আসছে| একসময় মসজিদের ভেতরে নারিকেল তেল ব্যবহার করে আলো জ্বালানোর ব্যবস্থাও ছিল| আধুনিকতার ছোঁয়ায় সেই ব্যবস্থা বদলে গেলেও কয়েক প্রজন্ম পেরিয়ে কোরআন তেলাওয়াতের ঐতিহ্য এখনও অটুট রয়েছে|
ধর্মীয় আবহের পাশাপাশি স্থাপত্য ও ইতিহাসের কারণে নওয়াব শাহী জামে মসজিদটি স্থানীয় মানুষের কাছে বিশেষ মর্যাদার| দেশ-বিদেশের দর্শনার্থীরাও মসজিদটির প্রাচীন স্থাপত্য দেখতে ছুটে আসেন| কালের স্রোতে বহু স্থাপনা হারিয়েছে তার পুরোনো রূপ, কিন্তু নওয়াব শাহী জামে মসজিদে এখনও ইতিহাসের দেয়াল ছুঁয়ে ভেসে আসে কোরআনের তেলাওয়াত- ৯৮ বছরের এক বিরল ও অনন্য ঐতিহ্যের জীবন্ত সাক্ষ্য|