
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সদর উপজেলা পরিষদের ব্রহ্মপুত্র হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে, এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন কৌশলগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ বছর শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে এবং শেষ হবে ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্যদিয়ে। এই সময়কে সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ: প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা। পূজা মণ্ডপ ও আশপাশের এলাকায় মদ পান ও মাদক সেবন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে আজান-নামাজের সময় উচ্চ শব্দে ডিজে গান ও অশ্লীল গান-বাজনা বন্ধ রাখা। প্রতিটি মণ্ডপে ২৪ ঘণ্টা পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবক ও পালাক্রমে
পাহারার ব্যবস্থা রাখা।
পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও গোয়েন্দা সংস্থার সার্বক্ষণিক নজরদারি এবং টহল জোরদার করা। নারী ও শিশুদের নিরাপত্তা, পর্যাপ্ত আলোকসজ্জা, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের প্রস্তুতি এবং গুজব প্রতিরোধে সাইবার মনিটরিং জোরদার করা। সভায় প্রধান অতিথি বলেন, এই উৎসবকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সাম্প্রদায়িক অপতৎপরতা বরদাশত করা হবে না। সরকার সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
এসময় বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।