ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

রোহিঙ্গাকে নাগরিক সনদ দেওয়ায় ইউপি প্যানেল চেয়ারম্যানকে অপসারণ

রোহিঙ্গাকে নাগরিক সনদ দেওয়ায় ইউপি প্যানেল চেয়ারম্যানকে অপসারণ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলীকে পদ থেকে অপসারণ করা হয়েছে। এক রোহিঙ্গা নারীকে নাগরিকত্ব সনদ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলার ১ নম্বর ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের প্যানেল চেয়ারম্যান-১ লিয়াকত আলী রোহিঙ্গা রোকেয়া বেগমকে নাগরিকত্ব সনদ প্রদান করেন। এ ঘটনায় ২০২৫ সালের ২০ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং একই দিনে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, লিয়াকত আলীর দাখিল করা জবাব সন্তোষজনক না হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (খ) ও (ঘ) উপধারায় বর্ণিত অপরাধের কারণে একই আইনের ৩৪(৬) ধারা অনুযায়ী ২৩ সেপ্টেম্বর তাকে স্বীয় পদ থেকে অপসারণ করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ড. বিপাশা হোসাইন জানান, উচ্চ আদালত থেকে প্যানেল চেয়ারম্যান-১ লিয়াকত আলীর পদ বহালের জন্য পুনরায় ৪ মাস সময় বাড়ানো হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হচ্ছে। তবে মন্ত্রণালয়ের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করতে পারবেন না বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত