
শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরন বলেছেন, নড়িয়া-সখিপুরের চার লক্ষাধিক ভোটার ও প্রায় সাত লাখ মানুষের খাদেমের দায়িত্ব আপনারা আমাকে দিয়েছেন। এসব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, ভালো রাখা, শান্তিতে বসবাসের পরিবেশ সৃষ্টি করা এবং সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা আমার ওপর অর্পিত দায়িত্ব। আমি আমার প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেক মানুষকে এবং প্রতিটি ইঞ্চি জমি সুরক্ষিত রাখার চেষ্টা এবং আদর্শ শিক্ষার মানোন্নয়নে কাজ করব ইনশাআল্লাহ।
শুক্রবার দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের দুই দিনব্যাপী ১২তম আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি কিরন বলেন, আমার নির্বাচনী এলাকার এলাকার প্রতিটি মানুষকে প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে আমাদের রাস্ট্র বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে চিন্তা চেতনা নিয়ে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই দিক লক্ষ্য রেখে মানবিক হয়ে কাজ করতে হবে। সমাজকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে এবং সুন্দর সমাজব্যবস্থা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে কিরন বলেন, ২০২৬ সালে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ এসএসসি পরীক্ষায় যে ফলাফল অর্জন করেছে, আগামীতে তার চেয়েও ভালো ফলাফল অর্জনের জন্য এই প্রতিষ্ঠানকে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। আমি চাই, আগামী পাঁচ বছরের মধ্যে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ ফলাফল অর্জনের মাধ্যমে সারা বাংলাদেশে কৃতিত্বের স্বাক্ষর রাখবে। শুধু এই প্রতিষ্ঠান নয়, আমার নির্বাচনী এলাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আদর্শ শিক্ষার মানোন্নয়নে যা যা প্রয়োজন, তা নিশ্চিত করতে কাজ করব, ইনশাআল্লাহ।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এমন শিক্ষা অর্জন করতে হবে, যাতে ভবিষ্যতে তোমাদের পরিচয়ে পরিবার, সমাজ ও দেশ গর্ববোধ করতে পারে। তোমাদের সাফল্য যেন বিশ্বজয়ের মাধ্যমে পরিবার, দেশ ও সমাজের মানুষের মুখে হাসি ফোটায়।
তোমাদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকেরা যে ত্যাগ স্বীকার করেন, সেই ত্যাগের মর্যাদা রক্ষা করতে হবে। শিক্ষার্থীরা যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠলে রাষ্ট্র এগিয়ে যাবে এবং বিশ্বমানচিত্রে বাংলাদেশের পরিচিতি আরও বৃদ্ধি পাবে।
মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইনের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ড. এ কে এম রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন, সরকারি পূর্ব মাদারীপুর কলেজের সাবেক অধ্যক্ষ মো: ছায়াদুল হক মোল্লা, নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি মুন্সি সামছুল আলম দাদন, সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মেদ রয়েল মাঝি, বিশিষ্ট শিক্ষানুরাগী মজিবুর রহমান খান ও নড়িয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার সফিকুল ইসলাম প্রমুখ।
দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি এ মেলায় শিশু-কিশোরদের বিজ্ঞানমনস্ক করে তোলা এবং তাদের সৃজনশীলতার বিকাশে জ্ঞান-বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প নিয়ে প্রায় ১০০টি স্টল বসেছে। আজ শনিবার পুরস্কার বিতরণের মধ্যদিয়ে মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।