
চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানে জঙ্গল সলিমপুরের আলিনগর বাহাদুর ঘোনা এলাকা থেকে শর্টগান, চাইনিজ পিস্তল, গুলি ও চাঁদা সংগ্রহের তালিকাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে জেলা পুলিশ সুপার মাসুদ আলমের দিকনির্দেশনায় এবং সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকা আলিনগরের বাহাদুর ঘোনায় এ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে এসআই (নিঃ) রফিকুল ইসলামসহ আলিনগর ক্যাম্পের টহল দল অংশগ্রহণ করে। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। জঙ্গল সলিমপুরের বিস্তৃত পাহাড়ি এলাকা, ঘন জঙ্গল ও দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে সেখানে অভিযান পরিচালনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য চ্যালেঞ্জিং। প্রতিকূল ভূপ্রকৃতি অতিক্রম করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্যস্থল শনাক্ত করে সতর্কতা ও কৌশলের সঙ্গে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের একপর্যায়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. রাসেল , মো. মোরশেদ, মো. বাবু ও মো. সাব্বির । তারা চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। বর্তমানে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় বসবাস করছিলেন। অভিযানে উদ্ধার আলামতের মধ্যে রয়েছে- ১টি শর্টগান, ১টি চাইনিজ পিস্তল, ৯টি সীসা বুলেট, ৬টি কার্তুজ বুলেট, ১টি টেডা, ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি পাওয়ার ব্যাংক ও চাঁদা সংগ্রহের তালিকা সংবলিত ১টি খাতা।