
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা নদীর জগতলা ঘাট এলাকা থেকে ১০৩ বছরের বৃদ্ধা নুরজাহান বেগমের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই এলাকার জামিরতা গ্রামের মৃত লাজত ব্যাপারীর স্ত্রী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। সিরাজগঞ্জ নৌ থানার ওসি রফিকুল ইসলাম জানান, গতকাল শুক্রবার সকালে ওই বৃদ্ধা যমুনার জগতলা ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হয়। কয়েক ঘণ্টা পর গ্রামবাসী ওই যমুনা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান মেলেনি। ওই ঘাটের ভাটি এলাকায় তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে। অভিযোগ না থাকায় পরবর্তীতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে।