
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী স্বাবলম্বী উন্নয়ন সমিতির সীডস প্রকল্পের সহযোগিতায় কিশোর-কিশোরী সংলাপ ফোরামের আয়োজনে উপজেলার সাতটি সংলাপ ফোরামে একযোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনের অংশ হিসেবে উপজেলার কৈচাপুর ইউনিয়নের মাইজপাড়া, কড়ইকান্দা, গাজীরভিটা ইউনিয়নের বোয়ালমারা, কাতলমারি; ভূবনকুড়া ইউনিয়নের মাজরাকুড়া, ঝলঝলিয়া এবং জুগলী ইউনিয়নের যাদুকুড়া এলাকায় একযোগে র্যালি, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কিশোর-কিশোরীদের মানসিক সুস্থতার গুরুত্ব এবং এ বিষয়ে পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকা তুলে ধরা হয়।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন- স্বাবলম্বী উন্নয়ন সমিতির সীডস প্রকল্পের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সিবিও সদস্য, সংলাপ ফোরাম ও সংলাপ কেন্দ্রের কিশোর-কিশোরী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।