
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ ১৯টি চায়না দুয়ারি জাল উদ্ধার করেছে মৎস্য বিভাগ। উদ্ধারকৃত এসব জালের বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অসৎ জেলেরা সরকারি নির্দেশ অমান্য করে তারা যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ জাল দিয়ে মা ইলিশ মাছ শিকার করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগের কর্মকর্তারা শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত ওই যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালায়। এ অভিযানে উল্লেখিত কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। পরে স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে এসব অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধ মাছ আহরণ প্রতিরোধ এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে এ অভিযান চালানো হয়। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। এ অভিযানে উপজেলা মৎস্য অফিসার অঞ্জন কুমার রায় ও অনান্য মৎস্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।