ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

একসঙ্গে চিরনিদ্রায় শায়িত বজ্রপাতে নিহত ছয় শিশু-কিশোর ও তরুণ

একসঙ্গে চিরনিদ্রায় শায়িত বজ্রপাতে নিহত ছয় শিশু-কিশোর ও তরুণ

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে নিহত ৬ শিশু ও কিশোরের জানাজা শেষে দাফন করা হয়েছে। নিহত ৬ জনকেই একই গোরস্থানে সারিবদ্ধভাবে দাফন করা হয়।

এদিকে দাফন ও জরুরি আর্থিক সহায়তা হিসেবে নিহতের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার ও আহতের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেছে পাবনা সদর উপজেলা প্রশাসন। বিলে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে একসঙ্গে ৬ জন নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল শনিবার সকাল ১০টায় মালঞ্চি ইউনিয়নের মহাদেবপুর গোরস্থান মাঠে নিহতদের এক সঙ্গে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মহাদেবপুর গোরস্থানে তাদের দাফন করা হয়েছে। এর আগে গত শুক্রবার বিকালে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলের মধ্যে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তারা নিহত হন।

নিহতরা হলেন, মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা এলাকায় রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাজাহান প্রামানিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।

মালঞ্চি ইউনিয়ন পরিষদের কবির আহমেদ বাবু জানান, গত শুক্রবার দুপুরে বিভিন্ন অঞ্চল থেকে ওই বিলে মাছ মারতে গিয়েছিলেন। এ সময় বিকালে ৮ জন বৃষ্টির মধ্যে পড়ে বিলের একটি টং ঘরে আশ্রয় নেয়। এই সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। এবং দুইজন গুরুতর আহত হন। তারা বেশ কিছুক্ষণ টং ঘরেই পড়েছিলেন। সন্ধ্যার দিকে আশপাশে এলাকার মানুষ টের পেয়ে নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা জানান- গত শুক্রবার রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে জেলা প্রশাসক আমিনুল ইসলামের উপস্থিতিতে দাফন ও জরুরি আর্থিক সহায়তা হিসেবে নিহতের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার ও আহতের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত