
সারাদেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রতিবাদ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। এছাড়াও বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল হক, জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. কামরুজ্জামান প্রমুখ। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন ।
সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম বলেন, 'বিগত ১৭ বছর বাংলাদেশে কোনো বৈধ শাসক ছিল না। এ দেশের জনসাধারণ তাদের অপশাসনে অতিষ্ঠ ছিল। এই দীর্ঘ সময়ে যেমন আইনের শাসন ছিল না, তেমনি মানুষের ভোটাধিকারও ছিল না। পরবর্তী সময়ে ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয়। কিন্তু নতুন বাংলাদেশের এই অগ্রযাত্রা এবং আমাদের স্বাধীনভাবে চলার পথ বিনষ্ট করতে পালিয়ে যাওয়া পতিত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তিনি আরও বলেন, 'সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জেলা-উপজেলা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ বিঘ্নিত করতে পরিকল্পিতভাবে নানা ধরনের ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের মধ্যে ভয়, আতঙ্ক ও ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় তারা।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, আইনের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যেই আজ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকদের ব্যানারে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
উপাচার্য বলেন, আমাদের ইউট্যাব (ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) নামে একটি সংগঠন রয়েছে। দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন হিসেবে এটি কাজ করে। বিগত দিনে এ সংগঠনের শিক্ষকরা দীর্ঘদিন জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেও বিভিন্ন অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আজও তাঁরা সোচ্চার রয়েছেন।