
ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ৭ কিলোমিটার ম্যারাথন। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে এ ম্যারাথনে অংশ নেন সাত শতাধিক মানুষ। সুস্থ জীবনযাপনে নিয়মিত হাঁটা ও শরীরচর্চার বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ৬টায় কিশোরগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের সামনে থেকে ম্যারাথন শুরু হয়। পরে শহরতলির বড়পুল এলাকায় গিয়ে আবার হাসপাতালের সামনে এসে দৌড় শেষ হয়। এতে সাত শতাধিক অংশগ্রহণকারী অংশ নেন। তাদের অধিকাংশই সফলভাবে ৭ কিলোমিটারের এ দৌড় সম্পন্ন করেন। ম্যারাথন শেষে ডায়াবেটিক হাসপাতালে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান এবং ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিসসহ অসংক্রামক রোগ প্রতিরোধে নিয়মিত হাঁটা ও শরীরচর্চার বিকল্প নেই। শুধু ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাই নন, সুস্থ থাকতে সব বয়সী মানুষকে শারীরিকভাবে সক্রিয় হতে হবে। নিজের শরীরের প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানের শেষপর্বে ম্যারাথনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। বিশ্ব ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য—ডায়াবেটিস নয়, ব্যবস্থা নিন এখনই।