
বাংলাদেশের রেল ইতিহাসের প্রথম স্টেশন কুষ্টিয়ার জগতি রেলস্টেশনটি এখন অস্তিত্ব হারাতে বসেছে। ১৮৬২ সালের ১৫ নভেম্বর কলকাতার রানাঘাট থেকে জগতি পর্যন্ত ৫৩.১১ কিলোমিটার ব্রডগেজ রেলপথ চালু হয়। ফলে এই রেলপথটি চালু হওয়ার পর রেলওয়ের যাত্রা শুরু হয়। পরে ১৮৭১ সালের ১ জানুয়ারি আভ্যন্তরীণ নদীবন্দর গোয়ালন্দ পর্যন্ত ৭৫ কিলোমিটার রেলপথ সম্প্রসারণ করা হয়। এক সময়ে যাত্রীদের কোলাহলে মুখরিত থাকতো এই স্টেশনটি।
অবজ্ঞা ও চরম উদাসিনতায় রেলওয়ে বিভাগ ঐতিহ্য হারাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এবিষয়ে একের পর এক রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বাস দিলেও কোনো কাজ হয়নি। গত শুক্রবার সকালে সরেজমিন জগতি স্টেশন ঘুরে দেখা যায়, জগতি রেল স্টেশন যেন এক ভুতের বাড়ি। স্টেশন মাস্টার তো দূরের কথা সেখানে গার্ড কিংবা টিকিট কাউন্টারও নেই। নেই যাত্রীদের বসার কোনো স্থান। প্লাটফরমে জন্মেছে গাছ ও লতাপাতা। অফিস রুমে নেই কোনো জানালা, দরজা থাকলেও তালা দেওয়া। রয়েছে ট্রেনের সিডিউল বোর্ড যা সর্বশেষ ২০০৯ সালের।
দ্বিতল ভবনের অফিসের ছাদ থেকে কংক্রিটের সঙ্গে ভেঙে পড়ছে লোহাও। দেয়ালের চারিদিকে ধরেছে ফাটল। কক্ষ থেকে দেখা যাচ্ছে সূর্যের আলো। প্রথম তলায় সবই লুটপাটের মতো অবস্থা হলেও দ্বিতীয় তলার জানালা থেকে বের হওয়া বটগাছ ও আগাছাগুলো বলে দেয় এর অবহেলার চিত্র। একসময় বাষ্পচালিত ইঞ্জিনের পানি নেওয়ার জন্য জগতির যে দিঘি ও পানির ট্যাঙ্ক ব্যবহার করতো সেই দিঘি ও ট্যাংকগুলোর অবস্থা আরও নাজুক। বিশাল আকৃতির পানির ট্যাংকটি এখন বৃহৎ বটদানী। বট গাছের ডালাপালায় ভর্তি হয়ে শোভা দিচ্ছে। আর দিঘিসহ অন্যান্য স্থাপনার অবস্থাও করুন। বর্তমানে একটা বাতিও জ্বলে না দেশের প্রথম এই স্টেশনটিতে। স্টেশনটি চালু থাকলে দেশের অর্থনৈতিতে বড় অবদান রাখতো।
স্থানীয় বাসিন্দা রোকনুজ্জামান বলেন, এই স্টেশনে এখন কোনো আন্তঃনগর ট্রেন থামে না। তাই এই স্টেশনে যেন এই রুটের সব আন্তঃনগর ট্রেন থামে তার ব্যবস্থা করার জোর দাবি জানাই। এই স্টেশনটিকে আধুনিকায়ন করে রেলওয়ের সব সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেন জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি। জগতি স্টেশন একটি ঐতিহ্যবাহী স্টেশন। এর সম্মান রক্ষার্থে সরকারের উদ্যোগ নেওয়া উচিত। শফিউর রহমান বলেন, এই স্টেশনটি ব্রিটিশ আমলের তৈরি। এটি বাংলাদেশের ইতিহাসের সাক্ষী। কিন্তু এখানে একটি মাত্র লোকাল ট্রেন ছাড়া কোনো ট্রেন থামে না। এটিকে টার্মিনাল স্টেশন হিসেবে আধুনিকায়ন করলে শ্রমজীবী মানুষের জন্য উপকার হবে। এখানে বিভিন্ন শিল্প কলকারাখানা রয়েছে। বিশেষ করে কৃষিপণ্যসহ চাল পরিবহনে বিশেষ সুবিধা হবে। সালেহা খাতুন নামে এক নারী বলেন, একসময় এই স্টেশনটি ছিল জাঁকজমকপূর্ণ। কিন্তু এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে প্রায়। কোনো আন্তঃনগর ট্রেন এখানে থামে না।
রেলওয়ের খুলনা বিভাগের গার্ড (গ্রেড-২) মাহবুবুল ইসলাম জানান, দেশের প্রথম রেলওয়ে স্টেশন হলো জগতি। স্টেশনটি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। আশা করছি স্টেশনটির ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবেন কর্তৃপক্ষ। কুষ্টিয়া কোর্ট স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার ইতিয়ারা খাতুন জানান, কুষ্টিয়া কোর্ট স্টেশন এবং পোড়াদহ জংশন স্টেশনের মধ্যবর্তী স্থানে রয়েছে জগতি স্টেশন। বর্তমানে ওই স্টেশনটির কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এটি বাংলাদেশের প্রথম রেল স্টেশন হওয়ায় সেখানে ঐতিহাসিক স্টেশন হিসেবে গণ্য হয়। ব্রিটিশ সময়ে এলাকার অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় স্টেশনটি নির্মাণ করা হয়েছিল।