
সিরাজগঞ্জের এসআরবি-১২ ও এসআরবি-১০-এর সদস্যরা যৌথ অভিযানে অপহরণ মামলার প্রধান আসামি শিক্ষক রাজিব হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সে উল্লপাড়া উপজেলার কাঁঠালতলা গ্রামের আল মামুনের ছেলে। এসআরবি-১২-এর সহকারী পুলিশ সুপার অপস্ অফিসার ধীমান কুমার মন্ডল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৪ নভেম্বর রাতে ওই উপজেলার বালসাবাড়ী বাজারের অধ্যায়ন কোচিং সেন্টারের সামনে থেকে ৭ম শ্রেণির ছাত্রীকে মাইক্রোবাস যোগে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় শিক্ষক রাজিব। এ ঘটনার পরদিন অপহৃত ছাত্রীর বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেন। এ মামলার পরিপ্রেক্ষিতে আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত শুরু করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার গভীর রাতে ফরিদপুরের কোতয়ালী উপজেলার বাখুন্ডা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার টেপাখেলা বাজার এলাকা থেকে অপহৃতা ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। ওই শিক্ষককে উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।