ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সফলতা কোনো গন্তব্য নয়, প্রকৃত সুখ হলো নিজের অনুভূতি

শুভ কর্মকার
সফলতা কোনো গন্তব্য নয়, প্রকৃত সুখ হলো নিজের অনুভূতি

জীবন এক অদ্ভুত অনুভূতি। কখনও আনন্দে ভরে, কখনও হতাশায় ভাসে। আমরা সবাই চাই সাফল্য, অর্জন, সেরা হওয়া, ক্ষমতা, নাম, খ্যাতি, পরিচিতি। আমরা আমাদের লক্ষ্যগুলো নির্ধারণ করি, স্বপ্ন দেখি, পরিশ্রম করি- এবং মনে করি, এগুলোই জীবনের আসল মান। কিন্তু সত্য হলো, এসব সবই সাময়িক। খ্যাতি আসে যায়, অর্জন করা জিনিসগুলো আমাদের সঙ্গী হয় সামান্য সময়ের জন্য, আর বাহ্যিক সাফল্য কখনোই মনের শান্তি দেয় না।

মানুষের প্রকৃত চাহিদা যে অশেষ, তা আমরা বুঝি না। সমাজ আমাদের শেখায়, আমাদের কি করতে হবে, কেমন হতে হবে, কার প্রশংসা কবে করতে হবে। আমরা ভাবি- কী বলবে মানুষ? কে আমাকে সমর্থন করবে? কে আমাকে সম্মান দিবে? কে প্রশংসা করবে? এসব চিন্তায় আমরা নিজেকে হারিয়ে ফেলি। আমরা ভাবি না, আমাদের মনের আনন্দ কোথায়, আমাদের ব্যক্তিগত তৃপ্তি কীভাবে অর্জিত হবে। আমরা নিজের অনুভূতি প্রকাশ করতে পারি না, আমাদের ভালো লাগার গল্প বলতে পারি না, কারণ আমরা ভয় পাই সমাজের রায়ের।

এই চাপ থেকেই আসে হতাশা। ছোট ছোট চাওয়া এবং বড় বড় আকাঙ্ক্ষার মধ্যে পড়ে মনের কষ্ট গড়ে ওঠে। কখনও কখনও এই কষ্ট রূপ নেয় স্বাস্থ্য সমস্যা বা মানসিক ব্যাধির আকারে। আমরা অনেকেই লক্ষ্য করি না, যে মানুষ শুধুই বাহ্যিক সাফল্যের পেছনে ছুটছে, সে প্রায়ই নিজের সুখ, শান্তি এবং মানসিক শৃঙ্খলা হারিয়ে ফেলছে।

এই কারণে জীবনে চাহিদা থাকা দরকার সীমিত। প্রতিটি মুহূর্তকে উপভোগ করা জরুরি। ছোট আনন্দ, ছোট অর্জন, প্রতিদিনের ছোট হাসি- এসবই জীবনের প্রকৃত সুখের মূল। হয়তো আমাদের বিলাসিতা কম হতে পারে, হয়তো আমাদের সাফল্যের পরিমাণ কম হতে পারে, কিন্তু জীবনের আসল আনন্দ আসে নিজের মনের শান্তি ও আনন্দ থেকে। আমরা যদি নিজের অনুভূতিকে গুরুত্ব দিই, নিজের ভালো লাগার গল্পকে শোনার সময় নিই, আমরা জীবনের আসল মূল্য বুঝতে পারি।

মানুষের প্রকৃত সাফল্য আসে নিজের মানসিক শান্তি, নিজের তৃপ্তি এবং নিজের আনন্দ খুঁজে পাওয়া থেকে। এটা কোনো বাহ্যিক পুরস্কার বা সম্মান দ্বারা নির্ধারিত নয়। আমরা চাইলে প্রতিটি মুহূর্তকে জীবনের পূর্ণতা হিসেবে গ্রহণ করতে পারি। প্রতিদিনের ছোটখাট আনন্দ উপভোগ করতে পারলে, আমরা বুঝতে পারি, জীবনের সৌন্দর্য শুধু অর্জন ও সাফল্যের মধ্যে নয়, বরং প্রতিদিনের ছোট সুখ, হাসি, বন্ধুত্ব এবং আত্মার শান্তিতে লুকিয়ে আছে।

সাফল্য মানেই সব সময় বড় অর্জন বা খ্যাতি নয়। কখনও কখনও প্রকৃত সাফল্য আসে নিজের জন্য বাঁচার, নিজের অনুভূতিকে সম্মান দেওয়ার এবং প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দেওয়ার মধ্যে। যারা এই আনন্দ খুঁজে পায়, তারা বুঝতে পারে যে জীবন হলো এক সুন্দর যাত্রা, কোনো গন্তব্য নয়।

আমরা যদি জীবনের এই মর্ম উপলব্ধি করি, আমাদের হতাশা কমে যাবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং আমরা সত্যিই খুশি হতে পারব। সত্যি সুখ আসে যখন আমরা আমাদের চাওয়া সীমিত করি, নিজের তৃপ্তি খুঁজে পাই, এবং প্রতিটি মুহূর্তকে পুরোপুরি উপভোগ করি। হয়তো আমরা কিছু বড় অর্জন বা খ্যাতি থেকে বঞ্চিত থাকব, কিন্তু জীবনের আসল আনন্দ- মনের শান্তি, নিজের ভালো লাগা, এবং ছোট ছোট মুহূর্তের খুশি- কোনো অর্জন বা খ্যাতির চেয়ে অনেক বড়। জীবন তাই হলো এক অবিরাম যাত্রা, এক অদ্ভুত অনুভূতির খেলা, যেখানে সাফল্য কোনো নির্দিষ্ট গন্তব্য নয়। আসল সুখ হলো প্রতিদিনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করা, নিজের মনের শান্তি খুঁজে পাওয়া, এবং নিজের গল্পকে নিজের মতো করে বাঁচা।

শুভ কর্মকার

শিক্ষার্থী, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত