প্রিন্ট সংস্করণ
০০:০০, ১৯ মার্চ, ২০২৬
ঢাকা শহরকে মানুষ শুধু দূষিত নগরী হিসেবেই আখ্যা দিতে পছন্দ করে। কেউ বলে দূষিত পানির নগরী, কেউ বলে দূষিত বায়ুর নগরী, কেউ বলে যানজট আর দুর্ভোগের নগরী। কখনো ভেবেছেন এই শহর কত মানুষের পেট চালায়? কত মানুষের সংসার আর স্বপ্ন টিকিয়ে রাখে? জীবনের টানাপোড়েনে টান পড়লে ঢাকামুখী কোনো বাসে চেপে বসে ভাগ্য কে বদলানোর সুযোগ হিসেবে ঢাকা শহরকে বেছে নেয় মানুষ। রোজই নতুন নতুন পা পড়ে ঢাকার মাটিতে। ৬৪ জেলার মানুষ এই শহর কে ব্যবহার করে। অথচ কারও মনে এই শহরের প্রতি ভালোবাসা নেই, সবাই আসে কাজ সারে প্রয়োজন মেটায় তারপর নোংরা করে রেখে চলে যায়। পুরো ঢাকা শহর যেন একটি পতিতালয়।
অথচ আমরা চাইলেই পারতাম আমাদের তিলোত্তমা ঢাকা শহরের প্রতি যত্নবান হতে। এই শহরকে আমরা কেউ ভালোবাসি না তবে ভীষণ রকম পছন্দ করি। শহরের কোনো দোষ নেই দোষ আমাদের প্রবৃত্তির। একদিকে জনসংখ্যার চাপ আরেকদিকে আবাসন সংকট প্রতিনিয়ত বেড়ে চলছে। দেশের অন্যসব শহরে আমরা ঠিকই ভদ্রলোকের মতো নিজেকে পরিচ্ছন্ন দাবি করলে ও ঢাকাতে তা পারি না। এই শহর যেন নিয়ম ভাঙার শহর। প্রতিনিয়ত এখানে ওখানে নোংরা করছি। ঢাকা শহর যদি কোনো জীব হতো, এতদিন মরে যেত। এতো অত্যাচার সহ্য করার শক্তি কার আছে? কলকারখানা, অফিস, আদালত, ব্যাংক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বাসের হর্ণ, রিকশার বেল, অ্যাম্বুলেন্সের সাইরেন, সরকারি কর্মচারীদের হাইড্রোলিক হর্ণ, গার্মেন্টস কর্মীদের ছোটাছুটি রোজকার জনব্যস্ততাকে টিকিয়ে রেখেছে তিলোত্তমা ঢাকা। ঢাকা শহর একটা জীবন্ত কবিতার ডায়েরি। হাজারও ব্যস্ততার ভিড়ে সাহিত্যের শব্দগুলো কথা বলে। এ শহরেই রয়েছে ভিক্ষুক আবার এ শহরেই বাস করে ধনকুবের। ঢাকা শুধু রাজধানী নয়, এটি বাংলাদেশের প্রাণ। লড়াই ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য জায়গা। এ শহরের রোমান্টিকতা কখনো ছিনতাই হয় না বরং নামের অপব্যবহার হয়। আমরা চাইলেই পারি ঢাকা শহরকে নিরাপদ আর পরিচ্ছন্ন রাখতে। নিজেদের ভদ্রতার পরিচয় ফুটিয়ে তুলতে পারলে এ শহরটি হয়ে উঠবে রাজকীয় এবং গৌরবময়। অথচ ঢাকা শহর হয়ে উঠেছে আজ সবচেয়ে বেশি অনিরাপদ, সহিংস আর অনিরাপত্তার জায়গা। এই শহরে জীবনের নিরাপত্তা খুঁজে পাওয়া দুষ্কর। অথচ এ শহর জাগলেই জেগে উঠে পুরো দেশ। সকল প্রকার অন্যায়ের প্রতিবাদ শুরু হয় এ শহর থেকে। পুরো জাতির বাতিঘর ঢাকা শহর যেন অপরাধের শহর হিসেবে পরিণত না হয়, এটাই আমাদের প্রত্যাশা। ঢাকা হোক কবিতার শহর, মানবিকতার শহর, সুস্থ ও সচেতন জীবনযাপনের শহর। ঢাকা শহরকে আধুনিক বিশ্বের কাছে সুনামধন্য একটি শহর হিসেবে আমাদের গড়ে তুলতে হবে।
ইসতিয়াক আহমেদ হৃদয়
কবি ও প্রাবন্ধিক, সম্পাদক- অভিসার (ছোট কাগজ)