প্রিন্ট সংস্করণ
০০:০০, ২২ নভেম্বর, ২০২৬
মানুষের জীবনে সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার নাম বাবা-মা। পৃথিবীতে এমন খুব কম মানুষই আছেন, যারা নিজের সুখ, স্বপ্ন, আরাম-আয়েশ ও ব্যক্তিগত চাওয়া-পাওয়াকে বিসর্জন দিয়ে অন্যের ভবিষ্যৎ গড়ে তোলেন। বাবা-মা সেই মানুষ, যারা সন্তানের মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য নিজের চোখের জল লুকিয়ে রাখেন। সন্তানের অসুস্থতায় রাত জাগেন, তার ভালো ভবিষ্যতের জন্য জীবনের সর্বস্ব দিয়ে চেষ্টা করেন এবং নিজের সামর্থ্যের শেষ সীমা পর্যন্ত ত্যাগ স্বীকার করেন। অথচ জীবনের শেষ প্রান্তে এসে সেই মা-বাবাকেই যখন সন্তানের অবহেলা, নির্যাতন কিংবা সহিংসতার শিকার হতে হয়, তখন তা শুধু একটি পরিবারের দুর্ভাগ্য নয়, বরং পুরো সমাজের মানবিক মূল্যবোধের অবক্ষয়ের নির্মম চিত্র হয়ে ওঠে।
গাজীপুরের শ্রীপুরে ঘটে যাওয়া আবদুস সামাদের হত্যাকাণ্ড আমাদের বিবেককে গভীরভাবে নাড়িয়ে দেওয়ার মতো একটি ঘটনা। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৬০ বছর বয়সী আব্দুস সামাদ নিজের একমাত্র ছেলে আনোয়ার হোসেনের লাঠির আঘাতে নিহত হয়েছেন। প্রতিবেশী জুবেদা খাতুনের মুখে উঠে এসেছে এক হৃদয়বিদারক বর্ণনা। তিনি বলেছেন, বাপে তো মায়া করছে, পুতে তো মায়া করছে না। কথাটি অত্যন্ত ছোট, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে বাবা-ছেলের সম্পর্কের এক বিশাল বেদনাদায়ক ইতিহাস। একজন বাবা সন্তানের প্রতি মমতা দেখিয়েছেন, অথচ সেই সন্তান বাবার প্রতি ন্যূনতম মমতাটুকুও দেখাতে পারেনি।
প্রতিবেশীর বর্ণনা অনুযায়ী, বাবা লাঠি নিয়ে ছেলেকে ভয় দেখালেও তাকে আঘাত করেননি। অথচ ছেলে বাঁশ দিয়ে বাবাকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। মাটিতে পড়ে যাওয়ার পরও তার ওপর হামলা চালানো হয়। প্রাণ বাঁচাতে তিনি পাশের বাড়িতে আশ্রয় নিয়েও শেষ পর্যন্ত রক্ষা পাননি। একবার ভাবুন, যে বাবা সন্তানের ছোট্ট হাত ধরে হাঁটতে শিখিয়েছেন, যে বাবা নিজের ঘাম ঝরিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়েছেন, যে বাবা সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য নিজের জীবনের অসংখ্য আনন্দ বিসর্জন দিয়েছেন, জীবনের শেষ প্রান্তে এসে সেই বাবাকেই সন্তানের হাতে প্রাণ দিতে হলো! এর চেয়ে নির্মম ও হৃদয়বিদারক পরিণতি আর কী হতে পারে? প্রতিবেদন থেকে জানা যায়, আব্দুস সামাদ দীর্ঘদিন ধরে বিদেশে ছিলেন।
প্রবাস জীবনের কষ্ট ও পরিশ্রমের মাধ্যমে তিনি পরিবারের জন্য অর্থ উপার্জন করেছেন। দেশে ফিরে একটি পিকআপ কিনে নিজেই গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার একমাত্র ছেলে আনোয়ার হোসেনের তিন সন্তান রয়েছে। ছেলে কাজকর্ম না করায় নাতি-নাতনিদের লালন-পালনের দায়িত্বও পালন করতেন দাদা আব্দুস সামাদ। অর্থাৎ নিজের সন্তান বড় হয়ে সংসার শুরু করার পরও তার দায়িত্ব শেষ হয়নি। বরং ছেলের সংসার, পুত্রবধূ এবং নাতি-নাতনিদের ভবিষ্যৎ নিয়েও তাকে ভাবতে হয়েছে। একজন বৃদ্ধ বাবা নিজের সামর্থ অনুযায়ী পুরো পরিবারকে আগলে রাখার চেষ্টা করেছেন। অথচ সেই পরিবারের মধ্যেই তাকে শেষ পর্যন্ত জীবন হারাতে হয়েছে। স্বজনদের অভিযোগ, আনোয়ারের মাদক গ্রহণ ও পারিবারিক সহিংসতার ঘটনা আগে থেকেই ছিল। তার স্ত্রীর বক্তব্যেও উঠে এসেছে দীর্ঘদিনের নির্যাতনের চিত্র। এসব অভিযোগ সত্য হলে এটি আরও উদ্বেগজনক যে, একটি পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে সহিংসতার পরিবেশ বিরাজ করলেও তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়নি। প্রশ্ন হচ্ছে, পারিবারিক নির্যাতনের ঘটনা কি কেবল ঘরের ভেতরের বিষয়? একজন মানুষ যখন পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালান, তখন সেটি শুধু ব্যক্তিগত বিরোধের মধ্যে সীমাবদ্ধ থাকে না; বরং তা সমাজের নিরাপত্তা ও মানবিক পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করে। এখানে মাদকাসক্তির বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
মাদকাসক্তি একটি গুরুতর সামাজিক ও স্বাস্থ্যগত সমস্যা। এটি ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে, কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে এবং পারিবারিক ও সামাজিক সম্পর্ককে বিপর্যস্ত করতে পারে। অনেক ক্ষেত্রে মাদক গ্রহণের সঙ্গে আচরণগত পরিবর্তন, দায়িত্বহীনতা এবং সহিংসতার ঝুঁকিও যুক্ত হতে পারে। তবে মনে রাখতে হবে, মাদকাসক্তি কখনোই নির্যাতন, হামলা কিংবা হত্যাকাণ্ডের অজুহাত হতে পারে না। অপরাধের দায় অপরাধীকেই বহন করতে হবে। একই সঙ্গে মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা, কাউন্সেলিং ও পুনর্বাসনের সুযোগ নিশ্চিত করাও জরুরি। শুধু শাস্তি দিয়ে নয়, প্রতিরোধ ও চিকিৎসার সমন্বিত ব্যবস্থার মাধ্যমেই মাদকের ভয়াবহতা মোকাবিলা করতে হবে। আবদুস সামাদের ঘটনা আমাদের সমাজের একটি গভীর বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। আমাদের দেশে অসংখ্য মা-বাবা আছেন, যারা সারাজীবন সন্তানদের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেন। সন্তানের পড়াশোনা, চাকরি, বিয়ে, সংসার, বাড়িঘর কিংবা আর্থিক নিরাপত্তা— সবকিছু নিয়েই তাদের চিন্তা। নিজের প্রয়োজনকে উপেক্ষা করে সন্তানের প্রয়োজনকে অগ্রাধিকার দেন। অনেক বাবা-মা বৃদ্ধ বয়সেও কাজ করে সন্তানের সংসারে আর্থিক সহায়তা দিয়ে যান। কিন্তু বয়স যখন বেড়ে যায়, শরীর যখন আর আগের মতো কাজ করে না, উপার্জনের সামর্থ্য যখন কমে আসে, তখন অনেক ক্ষেত্রেই তাদের প্রতি সন্তানের আচরণ বদলে যায়।
যে মা-বাবা একসময় পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন, তারাই কখনো কখনো পরিবারের কাছে বোঝা হয়ে ওঠেন। বৃদ্ধ বয়সে মা-বাবার অসহায়ত্বের চিত্র আমাদের চারপাশেই দেখা যায়। কেউ সন্তানের কাছ থেকে অবহেলা সহ্য করেন, কেউ মানসিক নির্যাতনের শিকার হন, কেউ নিজের প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত থাকেন। আবার কেউ কেউ সন্তানের সংসারে থেকেও একাকিত্ব ও অনিরাপত্তায় ভোগেন। তাদের কথা শোনার মতো কেউ থাকে না, অসুস্থ হলে যত্ন নেওয়ার মানুষ পাওয়া যায় না, এমনকি নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাটুকুও অনেক সময় থাকে না। সবচেয়ে কষ্টের বিষয় হলো, যারা একসময় সন্তানের প্রতিটি প্রয়োজন বুঝতেন, বয়সের ভারে তারাই নিজের প্রয়োজনের কথা সন্তানকে বলতে সংকোচ বোধ করেন। অনেক বৃদ্ধ বাবা-মা সন্তানের অন্যায় আচরণ নীরবে সহ্য করেন। এর পেছনে থাকে নানা কারণ।
তারা ভাবেন, প্রতিবাদ করলে সন্তানের সংসার ভেঙে যেতে পারে। নাতি-নাতনিদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার অনেকেই মনে করেন, নিজের সন্তানের বিরুদ্ধে কথা বললে পরিবারের সম্মান নষ্ট হবে। সন্তানের প্রতি অগাধ মমতা থেকেও তারা অনেক অন্যায় ক্ষমা করে দেন। কখনো কখনো নিজের নিরাপত্তার চেয়েও সন্তানের ভালো থাকাকে বেশি গুরুত্ব দেন। কিন্তু এই নীরবতা অনেক ক্ষেত্রে নির্যাতনকারীর সাহস বাড়িয়ে দেয় এবং পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।
আমাদের মনে রাখতে হবে, বৃদ্ধাশ্রম কোনো লজ্জার জায়গা নয়। যারা সেখানে ভালোবাসা, নিরাপত্তা, চিকিৎসা ও সম্মান নিয়ে জীবনযাপন করতে পারেন, তাদের জন্য বৃদ্ধাশ্রম একটি প্রয়োজনীয় আশ্রয় হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, যে মা-বাবা সারাজীবন নিজের ঘরকে সন্তানের জন্য নিরাপদ আশ্রয় বানিয়েছেন, তাদের কেন জীবনের শেষ সময়ে এসে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে? কেন নিজের সন্তান ও পরিবারের মধ্যে থেকেও তাদের একাকিত্বের জীবন কাটাতে হবে? বৃদ্ধ বয়সে একজন মানুষের সবচেয়ে বড় প্রয়োজন হলো মানসিক প্রশান্তি, সঙ্গ, যত্ন এবং সম্মান। শুধু খাবার, পোশাক কিংবা থাকার ব্যবস্থা করলেই দায়িত্ব শেষ হয় না। তাদের সঙ্গে কথা বলা, তাদের অনুভূতির মূল্য দেওয়া, অসুস্থতায় পাশে থাকা এবং সিদ্ধান্ত গ্রহণে তাদের মতামতকে গুরুত্ব দেওয়াও সন্তানের দায়িত্ব।
এখানে পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ের বিষয়টি বিশেষভাবে আলোচনার দাবি রাখে। পরিবার মানুষের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান। একজন শিশু পরিবার থেকেই ভালোবাসা, শ্রদ্ধা, সহমর্মিতা, দায়িত্ববোধ ও নৈতিকতার শিক্ষা পায়। কিন্তু পরিবারে যদি পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যায়, সম্পর্কের জায়গা দখল করে নেয় স্বার্থপরতা, অর্থলোভ, অসহিষ্ণুতা ও ক্ষমতার দাপট, তাহলে সেই পরিবারের সুস্থ পরিবেশ নষ্ট হতে বাধ্য। আধুনিক জীবনের ব্যস্ততা, ব্যক্তিকেন্দ্রিক চিন্তাভাবনা, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত নির্ভরতা এবং ভোগবাদী মানসিকতা অনেক ক্ষেত্রে পারিবারিক বন্ধনকে দুর্বল করে দিচ্ছে। তবে এসব পরিবর্তনকে এককভাবে দায়ী না করে আমাদের পারিবারিক শিক্ষা, সামাজিক পরিবেশ ও ব্যক্তিগত দায়িত্ববোধের ঘাটতিগুলোও চিহ্নিত করতে হবে।
সন্তানের প্রতি মা-বাবার দায়িত্ব যেমন রয়েছে, তেমনি মা-বাবার প্রতিও সন্তানের নৈতিক ও আইনগত দায়িত্ব রয়েছে। এ দায়িত্ব কেবল অর্থনৈতিক নয়, মানবিকও। মা-বাবার সম্পত্তি, আয় কিংবা আর্থিক সামর্থ্যের সঙ্গে তাদের প্রতি ভালোবাসা ও সম্মানের সম্পর্ক তৈরি করা উচিত নয়। তারা সম্পদশালী হলে তাদের গুরুত্ব দেওয়া হবে, আর সম্পদ বা উপার্জনের সামর্থ্য কমে গেলে অবহেলা করা হবে— এমন মানসিকতা কোনো সুস্থ সমাজের পরিচয় হতে পারে না। মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব তাদের সম্পদের ওপর নির্ভরশীল নয়; বরং তাদের ত্যাগ, ভালোবাসা ও জীবনের অবদানের প্রতি শ্রদ্ধা থেকেই এ দায়িত্ববোধ তৈরি হওয়া উচিত।
এ পরিস্থিতি মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই মা-বাবা ও বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান, সহমর্মিতা এবং দায়িত্বশীল আচরণের শিক্ষা দিতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক শিক্ষা ও পারিবারিক মূল্যবোধের বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। মাদক প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তিদের জন্য সহজলভ্য চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
পরিবারে সহিংসতার কোনো অভিযোগ পাওয়া গেলে সেটিকে হালকাভাবে নেওয়া যাবে না। বিশেষ করে বৃদ্ধ, নারী ও শিশুদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। প্রতিবেশীদেরও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনেক সময় পারিবারিক নির্যাতনের ঘটনা পাশের বাড়ির মানুষ জানলেও তারা এটিকে ব্যক্তিগত বিষয় মনে করে নীরব থাকেন। কিন্তু কোনো বৃদ্ধ মানুষ যখন নির্যাতনের শিকার হন, তখন তার পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন কিংবা সংশ্লিষ্ট সামাজিক ও আইনি সহায়তা প্রতিষ্ঠানের সহযোগিতা নিতে হবে। তবে কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। অপরাধের যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত করার পাশাপাশি নির্যাতনের শিকার মানুষের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।
আব্দুস সামাদের মৃত্যু আমাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে গেছে। আমাদের সমাজে মাদকের বিস্তার কেন রোধ করা যাচ্ছে না? মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা কতটা কার্যকর? পারিবারিক নির্যাতনের শিকার মানুষগুলো সময়মতো সহযোগিতা পাচ্ছেন কি? বৃদ্ধ মা-বাবার নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার ও সমাজ কতটা দায়িত্ব পালন করছে? প্রতিবেশী হিসেবে আমরা কি নির্যাতনের ঘটনা দেখেও নীরব থাকছি? এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করা এখন সময়ের দাবি। কারণ একটি হত্যাকাণ্ডের পর কিছুদিন আলোচনা করে সবকিছু ভুলে গেলে সমস্যার সমাধান হবে না। প্রয়োজন দীর্ঘমেয়াদি সামাজিক সচেতনতা, কার্যকর প্রতিরোধ এবং আইনের যথাযথ প্রয়োগ।
একজন বাবা হয়তো সারাজীবন সন্তানের ভুল ক্ষমা করে দেন। সন্তান রাগ করলে চুপ থাকেন, কষ্ট দিলে চোখের পানি লুকিয়ে রাখেন, অভাবের সংসারেও সন্তানের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন। কারণ সন্তানের প্রতি তার ভালোবাসা কখনো সহজে কমে না। কিন্তু সেই ভালোবাসাকে দুর্বলতা মনে করা সবচেয়ে বড় অন্যায়। বাবা-মায়ের সহনশীলতাকে তাদের অসহায়ত্ব ভেবে নেওয়ার কোনো সুযোগ নেই। তাদেরও আত্মসম্মান আছে, অনুভূতি আছে, নিরাপদে বেঁচে থাকার অধিকার আছে।
আব্দুস সামাদের মৃত্যু শুধু একটি পরিবারের কান্না নয়, এটি পুরো সমাজের জন্য একটি সতর্কবার্তা। আজ একজন বাবা সন্তানের হাতে প্রাণ হারালেন; আগামী দিনে এমন ঘটনা যেন আর কোনো পরিবারে না ঘটে, সেই দায়িত্ব আমাদের সবার। আমরা এমন সমাজ চাই না, যেখানে একজন বৃদ্ধ বাবাকে নিজের সন্তানের হাত থেকে বাঁচতে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিতে হয়। আমরা এমন সমাজ চাই, যেখানে বৃদ্ধ বয়সে মা-বাবা সন্তানের কাছে বোঝা নন, বরং ভালোবাসা, সম্মান ও নিরাপত্তার অধিকারী। যে হাতে বাবা-মা সন্তানকে হাঁটতে শিখিয়েছেন, সেই হাত যেন জীবনের শেষ সময়ে অবহেলা ও নির্যাতনের শিকার না হয়।
মনে রাখতে হবে, আজ যারা মা-বাবাকে অবহেলা করছেন, একদিন তারাও বৃদ্ধ হবেন। সময়ের চাকা কারও জন্য থেমে থাকে না। আজকের সন্তানই আগামী দিনের বাবা-মা। তাই পারিবারিক সম্পর্কের মধ্যে ভালোবাসা, দায়িত্ববোধ ও শ্রদ্ধার চর্চা এখনই শুরু করতে হবে। বাবার সম্পদের হিসাব নয়, বাবার মায়ার মূল্য বুঝতে শিখুন। মায়ের ত্যাগকে স্বাভাবিক দায়িত্ব ভেবে অবহেলা করবেন না। পৃথিবীর সব সম্পদ হারিয়ে আবার অর্জন করা সম্ভব, কিন্তু হারিয়ে যাওয়া বাবা কিংবা মাকে আর কোনো দিন ফিরে পাওয়া যায় না। বৃদ্ধ বয়সে মা-বাবার সবচেয়ে বড় চাওয়া সম্পদ নয়, সন্তানের একটু ভালোবাসা, নিরাপত্তা, সময় ও সম্মান। তাদের জীবদ্দশায় এ সামান্য চাওয়াটুকু পূরণ করতে পারাই সন্তানের সবচেয়ে বড় মানবিক অর্জন।
লেখক : ব্যাংকার এবং সহযোগী অধ্যাপক (খন্ডকালীন), সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়