প্রিন্ট সংস্করণ
০০:০০, ২২ নভেম্বর, ২০২৬
আজকাল লক্ষ্য করা যাচ্ছে, আমাদের দেশের মানুষের মধ্যে একটু বেশি পরিমাণে অস্থিরতা বিরাজ করছে। এ অস্থিরতার কারণে সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এর কারণ মানবিক গুনণাবলি থেকে বিচ্যুত হয়ে নানাভাবে অমানবিক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে পড়ছে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ। আমরা জানি, মানুষ অনাদিকাল থেকে বংশপরম্পরায় সমাজবদ্ধ হয়ে বসবাস করে আসছে। সমাজে বসবাস করা মানেই— সেই সমাজের রীতি নীতি, আচার অনুষ্ঠান, পরস্পর সহযোগিতার মনোভাবসহ নানা বিষয়ে ইতিবাচক থাকা। বলা যায়, এক সময় আমাদের সমাজ ছিল পারস্পারিক সহযোগিতা নির্ভর। সহনশীলতা, সহানুভূতি এবং পারস্পরিক শ্রদ্ধার জন্য এ সমাজের বিশেষ খ্যাতি ছিল। কিন্তু আজ, সামান্য মতভেদ বা দ্বিমত হলেই আমরা ক্ষিপ্ত হয়ে উঠি, অন্যকে দোষারোপ করি, এমনকি সহিংসতা অবধি পৌঁছে যাই। প্রশ্ন উঠছে, আমরা কেন এতটা অসহিষ্ণু হয়ে উঠছি? এর উত্তর দিতে গেলে আমরা সাধারণভাবে বলতে পারি, অসহিষ্ণুতা একটি সামাজিক ব্যাধি যা অন্যের মত, বিশ্বাস, ধর্ম, জাতি বা সংস্কৃতির প্রতি অগ্রহণযোগ্য মনোভাব থেকে জন্ম নেয়। বহু বিখ্যাত ব্যক্তি এই বিষয়ে শক্তিশালী ও অনুপ্রেরণাদায়ক কথা বলেছেন। বিষয়টি নিয়ে আলোচনার পূর্বে আলোচ্য বিষয়ে কয়েকজন বিখ্যাত মনীষীর কিছু উক্তি পাঠ করা যেতে পারে।
মহাত্মা গান্ধী বলেছেন, অসহিষ্ণুতা নিজেই এক ধরনের সহিংসতা, আর অহিংসার বৃদ্ধি সেই অসহিষ্ণুতার বিরুদ্ধেই সংগ্রাম। মার্টিন লুথার কিং জুনিয়র বলেছেন, অসারতা এবং অসহিষ্ণুতা একই রকম ভয়ংকর; দুটোরই ফল মানবতার বিপর্যয়। জওহরলাল নেহেরু'র উক্তি, অসহিষ্ণুতা হলো দুর্বলতার চিহ্ন, এটি জ্ঞানের অভাব থেকে জন্ম নেয়। হেলেন কেলার লিখেছেন, অন্ধতা ভয়ংকর নয়, বরং সবচেয়ে ভয়ংকর হলো মনের অসহিষ্ণুতা।
বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, ন্যায়বিচারের প্রতি আমাদের দায়িত্ব সীমাবদ্ধ নয় কেবল নিজের জাতির প্রতি, বরং সমস্ত মানবজাতির প্রতি; অসহিষ্ণুতা সেই দায়িত্বকে অপমান করে। কবি কাহলিল জিবরান বলেছেন, ধর্ম যদি ঘৃণা শেখায়, তবে তা আর ধর্ম থাকে না, তা হয়ে ওঠে অসহিষ্ণুতার অস্ত্র। অসহিষ্ণুতা সম্পর্কে মনীষীদের আরও অনেক উক্তি রয়েছে। এখানে কয়েকটি পাঠ করে বুঝতে পারলাম, অসহিষ্ণুতা কতটা ভয়ংকর একটা ব্যাপার। আমরা যদি সামান্য চিন্তা করি তাহলে নিজেরাও অনুধাবন করতে পারি, মানুষের মধ্যে যদি ধৈর্য ধরার ক্ষমতা না-থাকে, অন্যের প্রতি সম্মান প্রদর্শন করতে না-পারে, অন্যের মতামতকে গুরুত্ব না-দেয় তবে সমাজে কোনোভাবেই শান্তি বিরাজ করতে পারে না। ফলে মানুষের জীবন যাপন হয়ে উঠে বিষাদময়, যন্ত্রণাদায়ক। এক্ষেত্রে চলাফেরা, উঠাবসা, ব্যবসা বাণিজ্যসহ সকল কর্মক্ষেত্রে, রাজনৈতিক মাঠে এবং ধর্ম পালনের ক্ষেত্রেও সহিষ্ণু মনোভাবের বিকল্প নেই। এবার কেন আমরা অসহিষ্ণু জাতিতে পরিণত হচ্ছি এবং এ থেকে উত্তরণের পথ কী কী হতে পারে, সে সম্পর্কে কিছু কথা বলব। প্রথমেই বলা যেতে পারে, বর্তমান সময়ে মানুষের অসহিষ্ণু হয়ে ওঠার পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব অনেক ক্ষেত্রে দায়ী। ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদের নিকটজনের কাছ থেকে বিচ্ছিন্ন করে তুলছে। এগুলো দৈনন্দিন জীবনের তথ্য আদান-প্রদানে কার্যকর ভূমিকা পালন করলেও এর মাধ্যমে ভুল তথ্য, গুজব এবং উসকানিমূলক বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ছে, যা মানুষকে উগ্র ও অস্থির করে তোলে। এক্ষেত্রে বেশিরভাগ সময়ে মানুষ মতবিরোধকে গ্রহণ করার পরিবর্তে আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখায়। আমাদের অসহিষ্ণু হয়ে ওঠার আরেকটি বড়ো কারণ রাজনৈতিক মেরুকরণ। রাজনীতিকরা আমাদের মাঝে বিভাজন তৈরি করছেন— ধর্ম, ভাষা, অঞ্চল কিংবা দলের ভিত্তিতে। রাজনৈতিক মতাদর্শ এখন শুধুই সমর্থন বা ঘৃণার চর্চা হয়ে উঠেছে। গঠনমূলক বিতর্কের জায়গায় এসেছে ব্যক্তিগত আক্রমণ। তাছাড়া দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলোর চরম দ্বন্দ্ব ও সহিংসতার চর্চা সমাজের সাধারণ মানুষের মধ্যেও অসহিষ্ণু মনোভাব গড়ে তুলেছে। প্রতিপক্ষের মত বা অবস্থানকে সহ্য না করার সংস্কৃতি রাজনীতির মাধ্যমে সমাজে ছড়িয়ে পড়েছে। আবার শিক্ষা ব্যবস্থার দৈন্যতার কারণেও মানবিকতা বা সহনশীলতা শেখানো হয় না। নৈতিকতা, পারস্পরিক শ্রদ্ধা, মতানৈক্যকে সম্মান করার মতো গুণগুলো শিক্ষায় উঠে আসছে না। অর্থাৎ আমাদের শিক্ষাব্যবস্থায় মানবিক মূল্যবোধ, সহনশীলতা ও যুক্তিবোধ চর্চার অভাব রয়েছে।
শিক্ষার্থীদের মধ্যে আলোচনা, বিতর্ক ও মতবিনিময়ের পরিবেশ যথেষ্ট নয়। আরেকটি কারণ হতে পারে অর্থনৈতিক চাপ ও জীবনের অনিশ্চয়তা। চাকরি নেই, আয় অনিশ্চিত, জীবনের উপর চাপ বেড়েই চলেছে। এ চাপ মানুষকে উদ্বিগ্ন, অধৈর্য ও অবশেষে অসহিষ্ণু করে তুলছে। পারিবারিক ও সামাজিক বন্ধনের দুর্বলতাও অসহিষ্ণু হয়ে ওঠার পেছনে দায়ী। আগের দিনে প্রতিবেশীকে নিজের লোক ভাবা হতো, এখন তাকে সন্দেহ করা হয়। পরিবার ছোট হয়েছে, কিন্তু মানসিক দূরত্ব বেড়েছে। এ বিচ্ছিন্নতা মানুষকে একা ও আত্মকেন্দ্রিক করে তুলছে। ধর্মীয় ও জাতিগত বিভাজন মানুষকে অনেক সময় উগ্র করে তোলে।
ধর্মীয় উগ্রতা বা সাম্প্রদায়িকতা থেকেও অসহিষ্ণু মনোভাব জন্ম নিতে পারে। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি অবিশ্বাস বা বৈষম্যপূর্ণ আচরণ এই অসহিষ্ণুতাকে আরও বাড়িয়ে দেয়। এভাবে আরও নানা কারণে আমাদের সমাজে তথা রাষ্ট্রের অধিকাংশ মানুষ অসহিষ্ণু হয়ে উঠছে। ফলে সমাজ ও রাষ্ট্রে নানা রকম অশান্তি বিরাজ করছে। বিশেষ করে অন্যায়ভাবে মানুষকে হত্যা করার মতো জঘন্য ঘটনা ঘটছে। অল্প কিছুদিন আগে পুরান ঢাকায় পাথর দিয়ে মানুষ হত্যার মতো আদিম যুগের বর্বরতা দেখে আমরা হতবাক হয়েছি। টাকা-পয়সা বা ব্যবসায়িক দ্বন্দ্ব যা-ই হোক না কেন মানুষকে এতটা অসহিষ্ণু হওয়া কোনো মতেই কাম্য নয়। আমাদের মনে রাখতে হবে অসহিষ্ণুতা কোনো দিনেই সমাজ গঠনের ভিত্তি হতে পারে না। আমাদের আবার ফিরে যেতে হবে পারস্পরিক সহমর্মিতা, শ্রদ্ধা ও মানবিকতার কাছে। ভিন্নমত মানেই শত্রুতা নয়। মতপার্থক্য থাকতেই পারে, তা বলে সেটা আক্রোশের কারণ হওয়া কাম্য নয়। তাহলে কীভাবে আমরা ধৈর্যশীল ও সহিষ্ণু হয়ে উঠতে পারি সে সম্পর্কে কিছু আলোচনা করা যাক। এক্ষেত্রে প্রথমেই মানবিক মূল্যবোধভিত্তিক শিক্ষার দিকে নজর দিতে হবে। শিক্ষকদের রুটিন পাঠদানের পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদানের দিকে জোর দিতে হবে। শিক্ষিত হওয়ার সাথে সাথে মানুষ হয়ে উঠার তাগিদ শিক্ষার্থীদের মন ও মননে চিন্তা ও চেতনায় বপন করতে হবে। সেইসঙ্গে দেশে গঠনমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করা অতীব জরুরি মনে করি। রাজনৈতিক নেতাদের উচিত ভিন্নমতের প্রতি সহনশীলতা দেখানো ও শান্তিপূর্ণ আলোচনার পথ অনুসরণ করা। রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি থেকে বের হয়ে আসাও অত্যাবশ্যকীয়। এ ছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহারে সচেতনতা ও নীতিমালা প্রণয়নের প্রয়োজন। ফেক নিউজ এবং উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। জনগণকে তথ্য যাচাই করার অভ্যাস গড়ে তুলতে হবে।
সাংস্কৃতিক চর্চা ও সহনশীলতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। লোকসংস্কৃতির ব্যাপক প্রচলন, থিয়েটার, বইপড়া, বিতর্ক, লোকসংস্কৃতি ইত্যাদির মাধ্যমে মত প্রকাশ ও ভিন্নতা গ্রহণ করার চর্চা বাড়াতে হবে। আইনশৃঙ্খলা ও ন্যায়বিচার নিশ্চিত করলেও মানুষকে অসহিষ্ণুর পথ থেকে ফিরিয়ে আনা সম্ভব। এক্ষেত্রে বলা যায়, সহিংসতা বা ঘৃণার অপরাধে দ্রুত ও কার্যকর বিচার হলে মানুষ সাহস পায় না সহিষ্ণুতা ভাঙতে। অসহিষ্ণুতা থেকে মুক্তি পাওয়ার আরও একটি পথ হলো পারিবারিক শিক্ষার গুরুত্ব। ছোটবেলা থেকেই পরিবারে যদি সহানুভূতি, শ্রদ্ধা ও ধৈর্যের চর্চা হয়, তাহলে ভবিষ্যতে সমাজে একটি সহিষ্ণু প্রজন্ম তৈরি হবে বলে আশা করা যায়। সর্বোপরি সমাজ ও রাষ্ট্রবিজ্ঞানীদের গবেষণা মতে বলা যায়, অসহিষ্ণুতা কোনো জাতির স্থায়ী বৈশিষ্ট্য নয়, এটি সময় ও পরিবেশের প্রতিক্রিয়ায় জন্ম নেয়। যদি আমরা শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি ও নৈতিকতার দিকগুলোতে ইতিবাচক পরিবর্তন আনতে পারি, তবে বাঙালি জাতি আবারও সেই সহিষ্ণু ও উদার মানসিকতার পরিচয় দিতে পারবে, যার ঐতিহাসিক ভিত্তি রয়েছে রবীন্দ্রনাথ, নজরুল, সুফি-সাধুদের চিন্তায়। দেশ ও জাতির কল্যাণে আমরা আরও সচেতনভাবে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে আমাদের হারানো ঐতিহ্য ফিরে আনব। এভাবে আমরা আবারও একটি সুশৃংখল, সহিষ্ণু জাতি হিসেবে পরিচয় লাভ করব।
লেখক : শিশুসাহিত্যিক, কবি ও কলামিস্ট