প্রিন্ট সংস্করণ
০০:০০, ২২ নভেম্বর, ২০২৬
একটা বিশ্ববিদ্যালয় কেবল পাঠদান, পরীক্ষা আর সনদ দেওয়ার প্রতিষ্ঠান নয়। একই সঙ্গে চিন্তা, মতপ্রকাশ, বিতর্ক, নেতৃত্ব, সচেতন নাগরিক তৈরির একটা জায়গা। শিক্ষার্থীরা এখানে শুধু পুথিগত জ্ঞান অর্জনের জন্য আসে না,তারা সমাজ এবং রাষ্ট্রকে দেখার দৃষ্টিভঙ্গি গড়ে তোলেন। অথচ এ গুরুত্বপূর্ণ অংশীজনদের নিজেদের প্রতিষ্ঠান পরিচালনা ও নীতিনির্ধারণে অংশগ্রহণের সুযোগ কতটা রয়েছে সেই প্রশ্ন বিশ্ববিদ্যালয় গুলোর জন্ম লগ্ন থেকেই ছিল। ছাত্রসংসদ নির্বাচন তাই শুধু একটি নিছক নির্বাচন নয়। এটি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক অধিকার, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এবং শিক্ষার্থীদের অধিকারের সাথে সম্পর্কিত।
একটি কার্যকর সংসদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে একটি সেতু হিসেবে কাজ করতে পারে। আবাসন, পরিবহন, লাইব্রেরি, চিকিৎসা, নিরাপত্তা, একাডেমিক পরিবেশ কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং শিক্ষার্থীদের দৈনন্দিন নানা সমস্যাকে প্রশাসনের কাছে তুলে ধরার জন্য একটি নির্বাচিত প্লাটফর্ম প্রয়োজন। একই সঙ্গে রাষ্ট্রের যেকোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে নিরপেক্ষ অবস্থান থেকে সমালোচনা বা কথা বলাটাও শিক্ষার্থীরা এ প্লাটফর্ম থেকে শেখে।
কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ স্থবির থাকার কারণে শিক্ষার্থীদের সমস্যার জায়গা টা ব্যক্তি নির্ভর হয়ে পড়ে। কে প্রশাসনের সাথে কথা বলবে? কে শিক্ষার্থীদের দাবি উপস্থাপন করবে? বা কোন বিষয় টি অগ্রাধিকার পাবে? এসব বিষয় অনেক সময় প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর নির্ভরশীল না হয়ে অনানুষ্ঠানিক কাঠামোর উপর নির্ভরশীল হয়ে যায়। যে কারণে শিক্ষার্থীরা নেতৃত্ব শেখা থাক দূরে নিজেদের অধিকার ই ঠিক ভাবে বুঝে পায় না। আবার প্রশাসনকে এক পাক্ষিক সিদ্ধান্ত নিতেও দেখা যায়। অন্যদিকে নিয়মিত নির্বাচন শুধু প্রতিনিধি নির্বাচনের সুযোগ দেয় না এটি তাদের গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে পরিচিত করে। মতের পার্থক্য কে কিভাবে গ্রহণ করতে হয়, প্রতিদ্বন্দ্বীতা কিভাবে কর?তে হয়, পরাজয় কিভাবে মেনে নিতে হয় অথবা পরাজয়ের পর ও কিভাবে সবার অধিকার নিয়ে কাজ করা যায় এসব কিছুই পাঠ্যবই এর বাইরের বিষয়। যা ছাত্রসংসদ নির্বাচন হলে শেখা যায়।
ছাত্রসংসদ কে তাই দলীয় রাজনীতির বিকল্প হিসেবে না ভেবে শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ ও নেতৃত্ব বিকাশের একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো হিসেবে ভাবতে হবে। একই সঙ্গে প্রয়োজন এমন একটি গঠণতন্ত্র যেখানে ক্ষমতার ভারসাম্য, আর্থিক স্বচ্ছতা ও শিক্ষার্থীদের অংশগ্রহণ ও অধিকারের বিষয় নিশ্চিত থাকবে।
সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ছাত্রসংসদ নির্বাচন কোনো বিশেষ ব্যক্তি বা সংগঠনের দাবি নয়। এটি শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের অধিকার। একটি বিশ্ববিদ্যালয় যদি তার গণতান্ত্রিক অধিকার বেছে নেওয়ার সুযোগ ই না দেয় তাহলে সেই বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা কতটা পূর্ণাঙ্গ সেই প্রশ্ন থেকেই যায়।
তাই ছাত্রসংসদকে শুধু একটি নির্বাচন হিসেবে দেখার সুযোগ নেই। এটি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ, শিক্ষার্থীদের অধিকার এবং আগামী দিনের নেতৃত্ব তৈরির সঙ্গেও সম্পর্কিত। তাই নির্বাচন হোক নিয়মিত, প্রতিযোগীতা হোক অংশগ্রহণ মূলক আর ছাত্র সংসদ হোক শিক্ষার্থীদের কাছে সত্যিকারের জবাবদিহিমূলক প্রতিষ্ঠান।
লেখক : গণিত বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়