ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

‘দম সিনেমাটা যেন আমাদের জীবনেরই একটি আয়না’

‘দম সিনেমাটা যেন আমাদের জীবনেরই একটি আয়না’

এবারের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মোট পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে যে কয়টি সিনেমা আলোচনার শীর্ষে রয়েছে, রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ তার অন্যতম। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও পূজা চেরি।

মুক্তির পর থেকেই দর্শকের আগ্রহ ও ইতিবাচক প্রতিক্রিয়ার মধ্যেই এবার ছবিটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন পূজা চেরি। গত বুধবার সন্ধ্যায় শুটিং স্পটের কিছু ছবি নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করে তিনি লিখেছেন, ‘দম শুধু একটা সিনেমা না, এটা এমন একটা অনুভূতি, যা শেষ হওয়ার পরও মন থেকে যায় না।’ ছবিটিতে পূজা চেরির চরিত্রের নাম ‘রানী’। ছবিটি নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে অভিনেত্রী লেখেন, ‘কিছু গল্প থাকে, যেগুলো আমরা দেখি। আর কিছু গল্প থাকে, যেগুলো আমরা নিজের ভেতরে অনুভব করি। দম ঠিক সেই দ্বিতীয়টার মধ্যে পড়ে।’

ছবিটিকে অভিনেত্রী জীবনের আয়নার সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘এই সিনেমাটা যেন আমাদের জীবনেরই একটা আয়না। যেখানে ভাঙা স্বপ্ন আছে, চেপে রাখা কান্না আছে আর আছে নিজের সঙ্গে নীরব যুদ্ধ করার গল্প।’ ‘দম’-এর আবেগঘন দিকটি তুলে ধরে পূজা আরও বলেন, ‘কখনও মনে হয়- সব ঠিক আছে, সব স্বাভাবিক কিন্তু ভেতরে ভেতরে যে ঝড়টা বয়ে যায়, সেটা কেউ দেখে না। দম সেই অদেখা ঝড়টার গল্প বলে।’ পূজার ভাষায়, ‘ভেঙে পড়া মানেই শেষ না, কখনও কখনও ভেঙে পড়াটাই নতুন করে শুরু করার সাহস দেয়। সিনেমা শেষ হয়, কিন্তু কিছু দৃশ্য, কিছু সংলাপ, কিছু অনুভূতি মনের ভেতর চুপচাপ থেকে যায়।’

ক্যাপশনের শেষাংশে ‘দম’ সিনেমার অভিজ্ঞতা সম্পর্কে পূজা বলেন, ‘দম দেখার পর একটা কথাই মনে হয়- জীবন যতই কঠিন হোক, নিজের ভেতরের শক্তিটাই সবচেয়ে বড় অস্ত্র। কারণ শেষ পর্যন্ত সবাই নিজের নিজের দম নিয়ে লড়াই করে যায়।’

প্রসঙ্গত, বিএমআর-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম চলচ্চিত্র হিসেবে ‘দম’ বাংলাদেশের মাল্টিপ্লেক্সে ১ কোটি টাকার গ্রস কালেকশন অতিক্রম করে নতুন রেকর্ড গড়েছে। সব মিলিয়ে মুক্তির প্রথম পাঁচ দিনে সিনেমাটির মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে ১.৬৭ কোটি টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত