
বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের অমর নায়ক সালমান শাহ স্মরণে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। এক বিজ্ঞপ্তিতে বিএফডিসি জানিয়েছে, সেখানকার ভিআইপি প্রজেকশন হলে আয়োজিত হতে যাচ্ছে এ উন্মুক্ত প্রদর্শনী। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ থেকে শুরু হয়ে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ৩ দিনব্যাপী এ প্রদর্শনী। যেখানে প্রতিদিন বিকাল ৪টা থেকে সালমান শাহ অভিনীত কালজয়ী সিনেমাগুলো দর্শকদের জন্য উন্মুক্তভাবে প্রদর্শন করা হবে।
সূচি অনুযায়ী, প্রদর্শনীর প্রথম দিন অর্থাৎ ৬ সেপ্টেম্বর বিকালে পর্দায় উঠবে জনপ্রিয় চলচ্চিত্র 'স্বপ্নের ঠিকানা'। পরদিন ৭ সেপ্টেম্বর একই সময়ে দেখানো হবে নায়কের অন্যতম সফল সিনেমা 'কেয়ামত থেকে কেয়ামত'। প্রদর্শনীর সমাপনী দিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর বিকালে দর্শকরা উপভোগ করতে পারবেন 'তোমাকে চাই' চলচ্চিত্রটি। চলচ্চিত্রপ্রেমী ও সালমান শাহর অনুরাগীদের জন্য বিএফডিসি প্রাঙ্গণে আয়োজিত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।