
অভিনেত্রী কৃতি শ্যাননের একটি পোশাক নিয়ে বিতর্ক গড়িয়েছিল প্রাইমটাইম টেলিভিশনের আলোচনায়। কয়েক মাস পর সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন কৃতি। কারিনা কাপুর খানের উপস্থাপনায় 'হোয়াট উইমেন ওয়ান্ট' সিজন ৬-এর ট্রেলারে তিনি জানান, নিজের পোশাক নিয়ে এতটা আলোচনা হবে, তা কখনো ভাবেননি। কারিনার সঙ্গে কথোপকথনে কৃতি বলেন, আমি বিশ্বাসই করতে পারিনি যে আমার চোলি প্রাইমটাইমের খবরে ছয়জনের প্যানেল আলোচনার বিষয় হয়ে উঠেছিল। এর জবাবে কারিনা বলেন, আমি জানি।
শোয়ের শেষের দিকে নারীরা আসলে কী চান— এমন প্রশ্নের উত্তরে কৃতি বলেন, বিচার না করা হোক, আর মানুষকে নিজের কাজ নিয়ে মাথা ঘামাতে দেওয়া হোক।
'হোয়াট উইমেন ওয়ান্ট' সিজন ৬-এ কৃতি ছাড়াও আলি ফজল, নেহা কক্কর, মহীপ কাপুর, ভাবনা পান্ডে, মিকি কনট্র্যাক্টর ও মীরা রাজপুতসহ আরো অনেক তারকাকে দেখা যাবে। কৃতিকে ঘিরে বিতর্কের শুরু গয়নার ব্র্যান্ড জিআইভিএর রাখিবন্ধন উপলক্ষে প্রকাশিত একটি বিজ্ঞাপন থেকে। বিজ্ঞাপনে ৩৬ বছর বয়সি এই অভিনেত্রীকে ভাইয়ের পাশাপাশি পোষা কুকুরের হাতেও রাখি বাঁধতে দেখা যায়। সে সময় তার পরনে ছিল ইন্দো-ওয়েস্টার্ন পোশাক।
বিজ্ঞাপনটিতে অফ-হোয়াইট রঙের ব্রালেট-ধাঁচের ব্লাউজ, কেপ ও ড্রেপ করা স্কার্ট পরেছিলেন কৃতি। ঐতিহ্যবাহী রক্ষাবন্ধন উৎসবকে আধুনিকভাবে তুলে ধরাই ছিল প্রচারণাটির উদ্দেশ্য। তবে, পোশাকটি এই উৎসবের জন্য উপযুক্ত কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।
বিজ্ঞাপনে কৃতির পোষা কুকুরকেও রাখা হয়েছিল। একটি দৃশ্যে কুকুরটি ঘেউ ঘেউ করার পর তার গলায় রাখি বাঁধতে দেখা যায় কৃতিকে। বিজ্ঞাপনের এই উপস্থাপনাও দর্শকদের একাংশের ভালো লাগেনি। বিতর্কের পর বিজ্ঞাপনটি সরিয়ে নেয় জিআইভিএ।