ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

এবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান

এবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান

এবার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুই শহরে নির্বাচনি প্রচারাভিযানে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপি চেয়ারম্যান আজ সোমবার খুলনা ও যশোরে নির্বাচনি জনসভা করবেন। সফরসূচি অনুযায়ী- আজ সোমবার বেলা ১১টায় হেলিকপ্টারে করে ঢাকা থেকে খুলনায় যাবেন তারেক রহমান। সেখানে সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ সংলগ্ন প্রভাতি স্কুল মাঠে বেলা ১২টায় সমাবেশে যোগ দেবেন। এরপর বেলা ১টায় খুলনা থেকে হেলিকপ্টারে যশোরের উদ্দেশে রওনা হবেন তিনি। দুপুর ১টা ৪০ মিনিটে নতুন উপশহরে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন। ২টা ৪০ মিনিটে আবার হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

তারেক রহমান গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনি প্রচারাভিযান শুরু করেন। সেদিন তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জে নির্বাচনি সমাবেশ করেন। এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। সেখান থেকে তিনি ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোয়াগাজী, দাউদকান্দি, নারায়ণগঞ্জে নির্বাচনি সমাবেশ করে ঢাকায় ফেরেন।

বিএনপি চেয়ারম্যান উত্তরাঞ্চল সফর শুরু করেন ২৯ জানুয়ারি। তিন দিনের সেই সফরে তিনি রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুরে, সিরাজগঞ্জে ও টাঙ্গাইল নির্বাচনি সমাবেশ শেষে ঢাকায় ফেরেন গত শনিবার। ২২ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ২২টি নির্বাচনি সমাবেশে অংশগ্রহণ করেছেন তারেক রহমান।

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে বিএনপির গণসংযোগ : বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমানের পক্ষে প্রচারণা-গণসংযোগ চালিয়েছেন দলটির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা এবং ওই আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম। গতকাল রোববার দুপুরে রাজধানীর মহাখালীর ওয়ারলেস গেট থেকে প্রচারণা শুরু করে স্থানীয় কলম্বিয়া সুপার মার্কেট ও ‘জ’ ব্লকসহ আশপাশের দোকানপাট ও বাসাবাড়িতে ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান তারা। এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, কোনো ধরনের কারচুপি না হলে আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, ধানের শীষ নির্বাচিত হলে গুলশান, বনানী ও ভাসানটেক এলাকাকে আরও আধুনিক করে গড়ে তোলা হবে।

এ সময় আরও ছিলেন- বনানী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিব উল্লাহ হবি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সাবেক কমিশনার আবুল কালাম আজাদ, বনানী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান শেখ (বাবুল), সদস্য মিজানুর রহমান (বাগমার), ২০ নম্বর ওয়ার্ডের সাবেক সেক্রেটারি শহিদুল ইসলাম হিরো প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত